IIM Mumbai Admission 2026

এমবিএ নয়! করা যাবে পিএইচডি, পড়ুয়া ও কর্মরতদের জন্য কোর্স আইআইএম মুম্বই-এর

আইআইএম মুম্বই-এর তরফে একটি ‘রেগুলার পিএইচডি’ এবং একটি ‘এগ্‌জ়িকিউটিভ পিএইচডি’ কোর্স করানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:৩৮
IIM Mumbai

আইআইএম মুম্বই। ছবি: সংগৃহীত।

ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর পাঠক্রমেই সাধারণত আগ্রহী পড়ুয়ার সংখ্যা বেশি। কিন্তু যাঁরা ম্যানেজমেন্ট-এর নানা দিক নিয়ে গবেষণা করতে চান, তাঁদের জন্যও সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) মুম্বই। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, শুধু পড়ুয়ারা নন, বিভিন্ন সংস্থায় কর্মরতরাও পাবেন পিএইচডি-র সুযোগ।

Advertisement

আইআইএম মুম্বই-এর তরফে একটি ‘রেগুলার পিএইচডি’ এবং একটি ‘এগ্‌জ়িকিউটিভ পিএইচডি’ কোর্স করানো হবে। দু’টিই পাঁচ বছরের। ‘রেগুলার’ পিএইচডি-র জন্য আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর থাকা জরুরি। আবার, যাঁদের পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম বা দু’বছরের পিজি ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। একই ভাবে, ‘এগ্‌জ়িকিউটিভ পিএইচডি’ কোর্সের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

দু’টি প্রোগ্রামেই সমসাময়িক বাণিজ্য এবং শিল্পক্ষেত্রের জন্য প্রয়োজনীয় বিষয় নিয়ে গবেষণা করা যাবে। এর মধ্যে অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, অর্গানাইজ়েশনাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স, ইকোনমিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি এবং সাস্টেনেবিলিটি ম্যানেজেমেন্ট-এর মতো বিষয় রয়েছে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা। অন্য দিকে, অসংরক্ষিতদের জমা দিতে হবে ২০০০ টাকা আবেদনমূল্য। আগামী ৩১ মার্চ আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, রিসার্চ প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন