PhD Admission 2026

ক্রিপ্টোগ্রাফি-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ, ভর্তির শর্ত জানাল এনআইটি, আগরতলা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলা থেকে ক্রিপ্টোগ্রাফি, ইনফরমেশন সিস্টেম-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। সদ্যই প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, কী ভাবে আবেদন করা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৪:০০
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলা।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলা। ছবি: সংগৃহীত।

যোগাযোগ মাধ্যমে তথ্য সুরক্ষিত রাখার বিজ্ঞানকে ক্রিপ্টোগ্রাফি বলা হয়ে থাকে। এই বিষয় বিশেষজ্ঞেরা অঙ্কের জটিল সূত্রের বেড়াজালে সুরক্ষিত রাখেন গুরুত্বপূর্ণ তথ্য। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), আগরতলা। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, পিএইচডি-র জন্য কারা কী ভাবে আবেদন জমা দিতে পারবেন।

Advertisement

উল্লিখিত বিষয়টি ছাড়াও কম্পিউটার সায়েন্স বিভাগের অধীনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড অ্যাপ্লায়েড কম্পিউটিং, হিউম্যান সেন্টার্ড কম্পিউটিং অ্যান্ড এথিক্স, ইমার্জিং টেকনোলজিস নিয়েও পিএইচডি-র সুযোগ থাকছে।

পাশাপাশি, প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং শাখার অধীন সিভিল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, প্রোডাকশন, বায়োইঞ্জিনিয়ারিং বিভাগেরও বিভিন্ন বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখার উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তরেরা এই সুযোগ পাবেন। তবে, তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় থাকা চাই ৭০ শতাংশ নম্বর।

আগ্রহীরা এনআইটি, আগরতলার ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য পোর্টাল ৬ মে পর্যন্ত চালু থাকছে। বাছাই করা প্রার্থীদের ২০ মে অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে। সেই পরীক্ষা এবং ইন্টারভিউ কারা দিতে পারবেন, তার তালিকা ১৩ মে প্রকাশিত হতে চলেছে। ক্লাস ২৪ জুলাই থেকে শুরু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন