West Bengal Elections 2026

সবুজ আবির কিনে রাখুন! আবির খেলব আর একটু ডিজে-ও বাজাব: প্রচার শেষের পর বার্তা অভিষেকের

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সোমবার বিকেলেই ভোটপ্রচার শেষ হয়েছে। তার ঠিক কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২৩:১৪
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

প্রথম দফার ভোটের পরেই তিনি ‘সেঞ্চুরি’ হয়ে গিয়েছে বলে দাবি করেছিলেন। একই সঙ্গে এ-ও দাবি করেছিলেন, দ্বিতীয় দফাতেও তৃণমূল ‘সেঞ্চুরি’ পার করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটপ্রচারে বারংবার দাবি করেছেন, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণণূল জিতছে। শুধু তা-ই নয়, ২০০-র বেশি আসনও পাবে। চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে দলীয় নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশে ‘বিজয়োৎসবের’ প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন অভিষেক।

Advertisement

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সোমবার বিকেলেই ভোটপ্রচার শেষ হয়েছে। তার ঠিক কয়েক ঘণ্টা পর নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক। সেই পোস্টের পরতে পরতে ছিল জয়ের ব্যাপারে আশার বাণী। দলীয় নেতা, কর্মী, সমর্থক, বুথ এজেন্ট, স্বেচ্ছাসেবকদের উদ্দেশে অভিষেক লেখেন, ‘আপনারা যতটা সম্ভব সবুজ আবির কিনে রাখুন। জমিয়ে রাখুন। কারণ ৪ মে-তে ভাল রকম ঘাটতি দেখা দেবে।’

তৃণমূলের ‘সেনাপতি’ মনে করেন, ভোটের ফলপ্রকাশের পর গোটা রাজ্য সবুজ রঙে রাঙা হয়ে উঠবে। শুধু আবির খেলা নয়, ভোটের ফলপ্রকাশের পর গান বাজানোর বার্তাও দেন অভিষেক। তিনি লেখেন, ‘ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের প্রতিটি কোণায় রবীন্দ্রসঙ্গীত বাজবে। আর হ্যাঁ, আমরা একটু ডিজে-ও বাজাব।’ অভিষেক মনে করেন, ‘বিজয়োৎসব’ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের কর্মী, সমর্থকদের মনে। এ বার সেই উৎসব রাস্তায় নামার অপেক্ষা!

ভোটপ্রচারে প্রায় প্রতি জনসভাতেই ‘ডিজে’ বাজানোর কথা বলেছেন অভিষেক। দলীয় কর্মী, সমর্থকদের মনোবল বৃদ্ধি করতে ‘দাওয়াই’ দিয়েছেন। তিনি বুঝিয়েছেন, জেতার পর যেমন দিকে দিকে রবীন্দ্রসঙ্গীত বাজবে, তেমনই ডিজে বাজিয়েও আনন্দ হবে। তবে সতর্ক করেছেন, আনন্দ, উন্মাদনার মাত্রা যেন ছাড়িয়ে না-যায়।

অন্য দিকে, শনিবার ভোটপ্রচারের শেষলগ্নে জোড়া জনসভা থেকে কেন্দ্রকে আক্রমণ করেছেন অভিষেক। নোটবন্দি থেকে এসআইআর, নানা বিষয় তুলে সাধারণ মানুষের ‘হয়রানি’ নিয়ে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে থাকার ‘আর্জি’ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আগামী ৪ মে বাংলায় থাকার জন্য আমি ওঁকে চ্যালেঞ্জ জানিয়েছি। বেলা ১২টার পর ওঁর সঙ্গে আমাদের দেখা হবে।’’

Advertisement
আরও পড়ুন