West Bengal Assembly Election 2026

বিধানসভা ভোটের আয়োজনে সক্রিয় হল কমিশন, রাজ্যের ২৯৪টি আসনে রিটার্নিং অফিসার নিয়োগ সম্পন্ন

জাতীয় নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা বৃহস্পতিবার ২৯৪ আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করার কথা জানিয়ে পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:১৪
Election Commission of India appoints returning officers for all 294 assembly constituencies in West Bengal

বিধানসভা ভোটের প্রস্তুতি রাজ্যে। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজ করছেন বিচারকেরা। তারই মধ্যে এ বার বিধানসভা ভোটের প্রস্তুতির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের জন্য ২৯৪ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হল বৃহস্পতিবার।

Advertisement

জাতীয় নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা বৃহস্পতিবার ২৯৪ আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করার কথা জানিয়ে পূর্ণাঙ্গ তালিকা পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের কাছে। বিধানসভা ভিত্তিক নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের প্রাপ্ত তালিকা থেকে দেখা যাচ্ছে, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, জেলা পরিষদের সচিব, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক, জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক, জেলা তফসিলি জাতি-জনজাতি উন্নয়ন আধিকারিক, জেলা পরিকল্পনা আধিকারিক স্তরের অফিসারেরা এ বার রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ পেয়েছেন।

জেলা পরিষদের সহ-সচিব, জেলা ভূমি অধিগ্রহণ দফতরের বিশেষ আধিকারিক, জেলা উন্নয়ন আধিকারিক, ক্ষুদ্র সঞ্চয় নিগমের উপ অধিকর্তার মতো সরকারি অফিসারেরাও রয়েছেন ওই তালিকায়। সিইও দফতরের একটি সূত্র জানাচ্ছে, চলতি সপ্তাহের গোড়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরে এসে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন। ন্যূনতম মহকুমাশাসক বা সমতুল্য পদমর্যাদার সরকারি অফিসারদের নাম রিটার্নিং অফিসার হিসাবে সুপারিশ করার কথাও নন্দিনীকে জানিয়েছিলেন জ্ঞানেশ। পশ্চিমবঙ্গে আগে নির্বাচনে ডিএমডিসি (ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর) পদমর্যাদার আধিকারিকেরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করলেও এ বার সেই প্রবণতা থেকে যে কমিশন সরে এল সদ্যপ্রকাশিত তালিকাতেই তা স্পষ্ট। আগে রাজ্যের অনেক বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার হিসাবে তুলনামূলক নিচু স্তরের প্রশাসনিক আধিকারিক ছিলেন। এই প্রথম বার ১৫২টি কেন্দ্রে রিটার্নিং অফিসারের পদে মহকুমাশাসক বা তার সমমানের অফিসারদের বসানো হয়েছে। ফলে অন্য রাজ্যের মতো এখন থেকে পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্রেই উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা রিটার্নিং অফিসার হিসাবে কাজ করবেন।

Advertisement
আরও পড়ুন