WB Assembly Election

বেলডাঙা থানার আইসি-কে সরিয়ে দিল কমিশন, দায়িত্ব দেওয়া হল হাওড়া থেকে নিয়ে যাওয়া ইনস্পেক্টরকে

গত ১১ এপ্রিল কলকাতা এবং রাজ্য পুলিশে একঝাঁক বদল করেছিল কমিশন। বদলির সেই নির্দেশে ছিলেন বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই। এ বার বেলডাঙা থানার আইসি বদল করল কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:১১
Election Commission removes IC of Beldanga

বেলডাঙা থানার আইসি বদল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ বার বেলডাঙা থানার আইসি-কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। দিন তিনেক আগেই বেলডাঙার এসডিপিও বদল করা হয়েছিল। এ বার থানার আইসি-কে বদলে দিল কমিশন।

Advertisement

কমিশন জানিয়েছে, বেলডাঙা থানার নতুন আইসি করা হচ্ছে আশুতোষ রাইকে। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর ছিলেন। তাঁকে পাঠানো হল বেলডাঙায়। সেই পদে এত দিন ছিলেন অনিমেষ দে। ভোটের মুখে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন। মঙ্গলবার রাত ৮টার মধ্যেই আশুতোষকে বেলডাঙা থানার আইসি হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে।

গত ১১ এপ্রিল কলকাতা এবং রাজ্য পুলিশে একঝাঁক বদল করেছিল কমিশন। বদলির সেই নির্দেশে ছিলেন বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই। তাঁর জায়গায় বেলডাঙার নতুন এসডিপিও করা হয় আনন্দজিৎ হোড়কে। উল্লেখ্য, কিছু দিন আগে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল বেলডাঙায়। সুপ্রিম কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে এনআইএ। রাজ্য পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নও উঠেছিল।

নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আমলা এবং আইপিএস পদে বদল করছে কমিশন। ভোট ঘোষণার দিন মধ্যরাত থেকে শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করেছিল কমিশন। এখনও তা অব্যাহত রয়েছে। কমিশন স্পষ্ট জানায়, যাঁদের অপসারণ করা হচ্ছে, তাঁদের এ রাজ্যে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ করা যাবে না।

Advertisement
আরও পড়ুন