WB Assembly Elections 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকানোর উদ্দেশ্যে ‘নজরদারি’ চায় কমিশন! জেলাশাসক ও পুলিশ সুপারদের পাঠানো হল বার্তা

বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। তার আগেই এই বার্তা দিয়েছেন সিইও মনোজ অগ্রবাল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪৭
Election Commission wants police monitoring to prevent post poll violence in West Bengal

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল। —ফাইল চিত্র।

ভোট পরবর্তী হিংসা ঠেকানোর জন্য নজরদারি করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসছে সিইও দফতর। তার আগেই এই বার্তা দিয়েছেন সিইও মনোজ অগ্রবাল।

Advertisement

বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোটপর্ব শেষ হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘর্ষের খবর এসেছে। যা দেখে সতর্ক কমিশন আগাম পদক্ষেপে সক্রিয় হয়েছে বলে সিইও দফতরের একটি সূত্র জানাচ্ছে। কমিশন সূত্রের খবর, চলতি বিধানসভা ভোটের প্রথম দফার আগেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে প্রায় দু’হাজার ‘দুষ্কৃতীকে’ গ্রেফতার করেছিল পুলিশ। দ্বিতীয় দফার আগেও প্রায় সমসংখ্যক ‘দুষ্কৃতীকে’ গ্রেফতার করা হয়। সংশ্লিষ্টরাই অতীতের ভোটগুলিতে এলাকায় এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখত। কমিশনের এই পদক্ষেপের ফলে ভোটপর্ব অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে। কিন্তু তারা জামিন নিয়ে বাইরে এলে নতুন করে অশান্তির আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন জেলা এমনকি, কলকাতাতেও ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ-সহ বিভিন্ন অপরাধের ১৯৭৯টি অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের নির্দেশে ‘ভোট পরবর্তী হিংসা’ খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। তা নিয়ে রাজ্যের জবাব চেয়েছিল হাই কোর্ট। খুন, ধর্ষণের মতো কয়েকটি ক্ষেত্রে সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছিল। ভোট পরবর্তী হিংসার বিভিন্ন মামলা এখনও বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

Advertisement
আরও পড়ুন