এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, প্রতিষ্ঠানে নির্ধারিত মেয়াদে চুক্তিভিত্তিক কাজের সুযোগ রয়েছে। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট বা নার্সিং অফিসার, টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে।
ফার্মাসিস্ট বা নার্সিং অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে মাসিক বেতন ৪০,০০০ টাকা। অন্য দিকে, টেকনিশিয়ান পদে নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ৩০,০০০ টাকা।
ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক হতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।