Anurag Dobhal Update

‘নিজের মা-বাবার ভালবাসা পাইনি’, অনুরাগের ‘ক্ষতে প্রলেপ’ অনুরাগীদের! ধন্যবাদ জানিয়ে আর কী বললেন?

কিছু দিন আগেই, আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার পরেই গুরুতর দুর্ঘটনার শিকার হন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:২৭
ভিডিয়োবার্তায় আর কী বললেন অনুরাগ ডোভাল।

ভিডিয়োবার্তায় আর কী বললেন অনুরাগ ডোভাল। ছবি: সংগৃহীত।

মা-বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন ইউটিউবার ও ‘বিগ বস্‌ ১৭’ খ্যাত অনুরাগ ডোভাল। ভিন্‌জাতে বিয়ে করার জন্য নাকি বাড়ির লোকের উষ্মার মুখে পড়তে হয় তাঁকে। সমাজমাধ্যমে ‘লাইভ’ করতে করতেই আত্মহত্যার চেষ্টা করেন অনুরাগ। যমে-মানুষে টানাটানির পরে এখন অনেকটাই সেরে উঠেছেন তিনি। এ বার অনুরাগীদের জন্য এক বিশেষ ভিডিয়োবার্তা ভাগ করে নিলেন তিনি।

Advertisement

রবিবার নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো ভাগ করে নেন। সেখানে আবার তাঁকে বলতে শোনা যায় যে, নিজের মা-বাবার ভালবাসা থেকে বঞ্চিত তিনি। কিন্তু, নিজের অনুরাগীদের মধ্যেই পরিবার খুঁজে পেয়েছেন বলে জানান তিনি। অনুরাগ বলেন, “গত কয়েক দিনে এত মানুষের ফোন, মেসেজ আর ভিডিয়ো কল এসেছে, যাঁদের সঙ্গে আমার কখনওই রক্তের সম্পর্ক ছিল না। ওঁরা আমাকে বকা দিলেন, ‘তুই নিজেকে অনাথ বলছিস কী করে?”’

তিনি আরও জানান যে, কারও বোন, কারও ভাই, কারও মা-বাবা ফোন করে খোঁজ নিয়েছেন তাঁর। সকলেই তাঁর সমস্ত সমস্যায় পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “কখনও ভাবিনি যে, এমন দিনও আসতে পারে। অনেক কিছু হারিয়েছি কিন্তু অনেক কিছু পাচ্ছিও। নিজের মা-বাবার থেকে ভালবাসা পাইনি। কিন্তু, অন্যের মা-বাবা আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। ধন্যবাদ।”

কিছু দিন আগেই, আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি। সুস্থ হয়ে উঠে এর আগে অনুরাগ বলেছেন, “ভাল আছি। এ ভাবে বেঁচে ফিরব ভাবতে পারিনি।” পাশাপাশি এ-ও বলেন, “এটা আমার নবজন্ম। ঈশ্বর হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ।”

Advertisement
আরও পড়ুন