Anushka Sharma

‘সম্পর্ক এতই গভীর যে, আমরা পরস্পরকে হত্যাও করতে পারি’, ঠিক কতটা ‘ঘনিষ্ঠ’ ছিলেন রণবীর-অনুষ্কা?

রণবীরের সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিজ় ভার্সেস রিকি বেহল’ ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা। তাঁদের জুটি পছন্দ হয়েছিল দর্শকের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৪:৪৫
গভীর ছিল অনুষ্কা-রণবীরের সম্পর্ক?

গভীর ছিল অনুষ্কা-রণবীরের সম্পর্ক? ছবি: সংগৃহীত।

অভিনয় থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। বর্তমানে স্বামী ও সংসার নিয়েই রয়েছেন অনুষ্কা শর্মা। ১ মে অভিনেত্রী ৩৮ বছর পূর্ণ করলেন। সংসারের পাশাপাশি ব্যবসাও সামলান অনুষ্কা। সেই সঙ্গে প্রায়ই আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়ে সময় কাটান। কেরিয়ারের শুরুর দিকে অবশ্য অনুষ্কার উদ্যম স্বভাব পছন্দ ছিল অনুরাগীদের। সেই সময়ে রণবীর সিংহের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। সেই সম্পর্ক নিয়ে কী বলেছিলেন অনুষ্কা?

Advertisement

রণবীরের সঙ্গে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিজ় ভার্সেস রিকি বেহল’ ছবিতে অভিনয় করেছিলেন অনুষ্কা। তাঁদের জুটি পছন্দ হয়েছিল দর্শকের। অনুষ্কা জানিয়েছিলেন, রণবীরকে তাঁর বেশ আকর্ষণীয় লাগে। অভিনেতাকে যথেষ্ট পছন্দও ছিল অনুষ্কার। কিন্তু কখনওই সম্পর্কে জড়ানোর মতো মনে হয়নি।

অভিনেত্রীর মতে, তাঁরা দু’জন সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ ছিলেন। তাঁদের ব্যক্তিত্বে নাকি বিস্তর অমিল। তাই সম্পর্ক তৈরি হলেও তাতে কোনও স্থিরতা থাকবে না বলেই মত ছিল অভিনেত্রীর। কিন্তু বন্ধু হিসাবে তাঁরা খুবই ভাল, এমনও জানিয়েছিলেন অনুষ্কা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ও রণবীরের সম্পর্ক নিয়ে বলেছিলেন, “আমাদের সম্পর্কটা খুবই গভীর। এতটাই গভীর যে, আমরা পরস্পরকে হত্যা পর্যন্ত করতে পারি।” হাসতে হাসতেই এই কথা বলেছিলেন অভিনেত্রী। অনুষ্কা স্পষ্ট করে দিয়েছিলেন, কেন তাঁদের মধ্যে কোনও সম্পর্ক তৈরি হতে পারে না। রণবীর নাকি খুবই বাস্তববাদী, অন্য দিকে অভিনেত্রী আবেগপ্রবণ। জীবন থেকেও দু’জনের চাহিদা সম্পূর্ণ ভিন্ন। তবে এ সবের পরেও রণবীরকে যে তিনি পছন্দ করতেন, তা অস্বীকার করেননি অনুষ্কা।

২০১০-১১ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। পরে একটি বিজ্ঞাপনের শুটিং সময় থেকে ক্রিকেটতারকা বিরাট কোহলির সঙ্গে অনুষ্কার ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০১৭ সালে তাঁরা বিয়ে করেছিলেন।

Advertisement
আরও পড়ুন