Anamika Chakraborty Birthday

জীবনে অনেক কিছু হারিয়েছি, গত তিন বছর জন্মদিন পালনও করিনি, তাই এই বছরটা অন্যরকম: অনামিকা

২৫ মার্চ অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর জন্মদিন। বিশেষ দিনে তাই কি তাড়াতাড়ি শুটিং থেকে ফিরবেন অভিনেতা উদয়প্রতাপ সিংহ? এ দিন কী কী রান্না হচ্ছে নায়িকার জন্য?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৫:০২
গত তিন বছরে জন্মদিন সে ভাবে উদ্‌যাপন করেননি অনামিকা, এই বছরটা কেন অন্যরকম?

গত তিন বছরে জন্মদিন সে ভাবে উদ্‌যাপন করেননি অনামিকা, এই বছরটা কেন অন্যরকম? ছবি: সংগৃহীত।

গত তিন বছর ধরে সে ভাবে জন্মদিন পালন করেননি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। তবে এই বছরের জন্মদিনটা তাঁর কাছে অন্যরকম। কাছের সবাই মিলে অনেক কিছু পরিকল্পনা করেছিলেন অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে। এই বিশেষ দিনে আর কী কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর?

Advertisement

অনামিকা বললেন, “গত তিন বছর কোনও কিছু উদ্‌যাপন করিনি। অনেক ঝড়ও গিয়েছে। তবে এই বছরটা আমার জন্য অন্যরকম। আমার যে দুই বিশেষ বান্ধবী আছে, তারা বিশেষ আয়োজন করেছিল। এক বান্ধবী একটা দারুণ গলার হার উপহার দিয়েছে। সেখানে আবার লকেটে আমার আর পোষ্য ‘বেলা’র ছবি রয়েছে। খুব ভাল লেগেছে।”

অভিনেত্রী জানালেন, এখন আর তিনি জন্মদিন নিয়ে খুব বেশি উৎসাহী নন। তবে কেউ যদি আয়োজন করে তাঁর বিশেষ দিনে, তা হলে অবশ্যই ভাল লাগে। অভিনেত্রী বললেন, “জীবনে তো অনেক কিছু হারিয়েছি। কিন্তু মঙ্গলবার রাতে বুঝতে পারলাম, এখন আমার জীবনে যাঁরা আছেন, তাঁরা একরকম আশীর্বাদ। দুই বান্ধবী এবং উদয় (উদয়প্রতাপ সিংহ) তিন জনে মিলে জন্মদিনের আয়োজন করেছিল। কেক কেটেছি। খুব আনন্দ হয়েছে।”

জন্মদিনের সকালে অভিনেত্রীর মা অনেক কিছু রান্না করছেন। অনামিকার এমনিতেই মাছ প্রিয়। তাই বিশেষ দিনের সকালে দই কাতলা রান্না হয়েছে। এ ছাড়াও, আছে পাঁচরকম ভাজা, পায়েস, মুরগির মাংস আরও অনেক কিছু। এ দিন শুটিং থেকেও তাড়াতাড়ি ফেরার পরিকল্পনা করেছেন অনামিকার স্বামী উদয়। সবাই বাড়িতেই বিশেষ দিনটা কাটানোর কথা ভেবেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন