Vidya Balan

‘বিদ্যা তো নাচতেই পারেন না!’ কিন্তু পরে সেই ফরাহ খানই ফোন করে তাঁর প্রশংসা করেছিলেন

নৃত্যপ্রশিক্ষক ফরাহ খান সরাসরি বলেছিলেন, ‘‘বিদ্যা তো নাচতেই পারেন না!’’ যদিও তাঁর সেই ধারণাকে ভুল প্রমাণ করেছিলেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১০:২৭
Farah khan once said Vidya Balan can not dance later she praised her

বিদ্যার প্রশংসায় পঞ্চমুখ ফরহা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে ‘হরর কমেডি’ ঘরানায় অন্য ধারা এনেছিল ‘ভুলভুলাইয়া’। এই ছবিতে অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন। বিশেষ করে, ছবিতে ‘আমি যে তোমার’ গানে মঞ্জুলিকার চরিত্রে বিদ্যার অনবদ্য নাচ ছবির কাহিনিতে অন্য মাত্রা এনেছিল। এর নেপথ্যে ছিলেন নৃত্যগুরু চিন্নি প্রকাশ। তবে ছবির পরিচালককে সেই সময় আর এক নৃত্যপ্রশিক্ষক ফরাহ খান সরাসরি বলেন, ‘‘বিদ্যা তো নাচতেই পারেন না!’’ যদিও তাঁর সেই ধারণাকে ভুল প্রমাণিত করেন অভিনেত্রী।

Advertisement

বিদ্যা তাঁর অভিনয় জীবনের শুরু থেকে বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও সে ভাবে নাচতে কখনওই দেখা যায়নি। বাকি অভিনেত্রীদের থেকে সে ক্ষেত্রে সত্যিই ব্যতিক্রমী তিনি। কিন্তু প্রিয়দর্শনের এই ছবিতে রীতিমতো ভরতনাট্যম করতে হয় তাঁকে। পরিচালক প্রিয়দর্শন সম্প্রতি জানান, অনেকেই নাকি নাচে বিদ্যার পারদর্শিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরিচালক বলেন, “একটা সময় ছিল যখন লোকজন ভাবত বিদ্যা নাচতে পারে না। যদিও বিদ্যা আমাকে বলেছিল, আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নেব। শুধু এই গানটি করার জন্যই বিদ্যা ৩৫-৪০ দিন ধরে অনুশীলন করেছিল।”

‘আমি যে তোমার’ গানে বিদ্যার সঙ্গে পা মেলান খ্যাতনামী নৃত্যশিল্পী রাধাকৃষ্ণন। প্রিয়দর্শন জানান, বিদ্যা অমন একজন নৃত্যশিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে নাচেন। বিদ্যার নাচ দেখে ফরাহ খান প্রিয়দর্শনকে ফোন করতে বাধ্য হন, প্রশংসা করেন বিদ্যার নাচের। শুধু তা-ই নয়, পরে বিদ্যাও এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এই গানটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। যে ফরাহ খান এক সময় বলেছিলেন, আমি নাচতে পারি না, তিনিই আমার প্রশংসা করছেন।’’

এই গান যেন বিদ্যার জীবনে শাপমোচনের মতো। তার পর ‘ডার্টি পিকচার’ ছবিতে অসংখ্য নাচের গান করেছেন। বছর কয়েক আগে ‘ভুলভুলাইয়া৩’ ছবিতে মাধুরীর সঙ্গে পাল্লা দিয়ে নেচেছেন বিদ্যা।

Advertisement
আরও পড়ুন