Updates of Garima

শোক সামলে ছন্দে ফিরতে চাইছেন গরিমা শইকীয়া গার্গ! কোন নতুন কাজে হাত দিতে চলেছেন তিনি?

খবর, শোক সামলে নতুন ভাবে জীবন শুরুর কথা ভাবছেন জ়ুবিন গার্গ-ঘরণি। কী পদক্ষেপ করতে চলেছেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:৪২
গরিমা শইকীয়া গার্গ।

গরিমা শইকীয়া গার্গ। ছবি: ফেসবুক।

বিনোদনদুনিয়ার সঙ্গে আগেও যুক্ত ছিলেন। কিন্তু অভিনয় করেননি বলেই খবর। এ বার অভিনয়ে পা রাখতে চলেছেন গরিমা শইকীয়া গার্গ! এই খবরে নড়ে বসেছে অসম বিনোদনদুনিয়া। জানা গিয়েছে, ‘বারুদ ২’ ছবি দিয়ে অভিনয়দুনিয়ায় পা রাখছেন তিনি।

Advertisement

আরও খবর, গরিমা ‘বারুদ ২’ ছবিতে নায়িকার ভূমিকার অভিনয় করছেন। শুটিং করতে তিনি পৌঁছে গিয়েছেন জোড়হাট। ছবির পরিচালক মানস বড়ুয়া। তিনি প্রয়াত পরিচালক মুনিন ব়ড়ুয়ার পুত্র। অসমে মানস ‘ভাইমনদা’ হিসাবেই সকলের কাছে পরিচিত। তবে গরিমার বিপরীতে নায়ক কে, সে খবর এখনও জানা যায়নি।

এটা যে হঠাৎ নেওয়া কোনও সিদ্ধান্ত নয়, তা স্পষ্ট গরিমার করা পদক্ষেপে। খবর, গরিমা ইতিমধ্যেই প্রয়াত স্বামী জ়ুবিন গার্গের আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন ‘জ়ুবিন ক্ষেত্র’তে। প্রসঙ্গত, সোনাপুরে প্রয়াত গায়কের সমাধিস্থল ‘জ়ুবিন ক্ষেত্র’ নামে পরিচিত। সমাধিস্থলটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রায় প্রতি দিন এখানে জ়ুবিনের অনুরাগীরা আসেন। ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়ে যান তাঁকে।

সরাসরি অভিনয় না করলেও বিনোদনদুনিয়ার সঙ্গে গরিমার যোগ নতুন নয়। খবর, গরিমা এর আগে ছবি প্রযোজনা করেছেন। পোশাকশিল্পী হিসাবেও কাজ করেছেন। তিনি অসমীয়া ছবি ‘রই রই বিনালে’ (২০২৫), ‘কাঞ্চনজঙ্ঘা’ (২০১৯) এবং ‘শিকার’ (২০২৪)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি, জ়ুবিন গার্গের বেশ কিছু প্রযোজনাতেও কাজ করেছেন গরিমা।

Advertisement
আরও পড়ুন