Salman Khan Eid Celebration

ইদে গ্যালাক্সির বারান্দায় বড় চমক সলমনের, মুখ দেখাননি শাহরুখ, বাকিরা কে কী করলেন?

খানিক দোলাচলে ছিলেন সলমনের অনুরাগীরা। আদৌ অভিনেতা মুখ দেখাবেন কি না! কারণ অভিনেতার বাবা সেলিম খান বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে নিরাশ করেননি সলমন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৯:৩৬
বলিউড তারকাদের ইদ উদ্‌যাপন।

বলিউড তারকাদের ইদ উদ্‌যাপন। ছবি: সংগৃহীত।

প্রতি বছর ইদে বান্দ্রার গ্যালাক্সি আবাসনের সামনে থিক থিক করে ভিড়। সলমন খানকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত হয়। যদিও ২০২৪–এ প্রথা ভাঙেন সলমন। কিন্ত গত বছর থেকে ফের গ্যালাক্সির বারান্দায় হাজির হন সলমন। কিন্তু গত বার থেকে খোলা বারান্দা ঢেকে যায় বুলেট প্রুফ কাচে। এ বার অবশ্য খানিক দোলাচলে ছিলেন সলমন অনুরাগীরা। আদৌ অভিনেতা মুখ দেখাবেন কি না, সেটা ভেবে! কারণ অভিনেতার বাবা সেলিম খান বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। সেই কারণেই উদ্বেগ ছিল। তবে ইদে বাবাকে নিয়ে প্রকাশ্যে এলেন সলমন। হুইলচেয়ারে সেলিম হাত নেড়ে অভিবাদন জানান অনুরাগীদের।

Advertisement
বাবা সেলিম খানের সঙ্গে সলমন খান।

বাবা সেলিম খানের সঙ্গে সলমন খান। ছবি: সংগৃহীত।

প্রতি বছরের মতো কুর্তা পাজামা নয়, সলমনের পরনে ছিল শার্ট-প্যান্ট, ঠোঁটে হাসি। বুলেটপ্রুফ কাচের আড়ালে ছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে, আয়ত ও অহিল ও সোহেলের দুই ছেলে ও ভাই আরবাজ় খান। মামাদের দেখাদেখি হাত নাড়ে অর্পিতার মেয়ে আয়ত। বছর দুয়েক আগে সলমনের এই বাড়ির বারান্দায় গুলি ছোড়ে বিশ্নোইয়ের দলের দুই বন্দুকবাজ। তার পর থেকে সলমনের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। বুলেটপ্রুফ গাড়ি থেকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা, চব্বিশ ঘণ্টা নজরদারির মধ্যেই রয়েছেন তিনি। এ দিকে, গত বছর থেকে একাধিক হুমকি ফোন পেয়েছেন শাহরুখ খান। চলতি বছরে সেই কারণেই কি ইদে মুখ দেখালেন না শাহরুখ? তবে অন্য তারকাদের মধ্যে করিনা ও সইফ আলি খান ইদ উদ্‌যাপন করেন বিরিয়ানি খেয়ে। সঙ্গে ছিল গোটা পরিবার। করিনার ননদ সোহা আলি খান ইদের বিশেষ পায়েস বানান। এ ছাড়াও ভাইঝি সারা আলির সঙ্গে একগুচ্ছ ছবি দিয়েছেন। এই ইদে অবশ্য সে ভাবে উদ্‌যাপন হয়নি স্বরা ভাস্করের শ্বশুরবাড়িতে।

একসঙ্গে ইদ উদ্‌যাপন সোহা ও সারার।

একসঙ্গে ইদ উদ্‌যাপন সোহা ও সারার। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী জানান, তাঁর কাকাশ্বশুর অসুস্থ। সেই কারণে বড় কোনও আয়োজন হয়নি। প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সিকদার ইদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। ইরফান ছিলেন জয়পুরের বাসিন্দা। ইদে সেখান থেকে বেশ কিছু ছবি দেন সুতপা। অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জ়াহির ইকবাল ইদে বেশি করে প্রেমে থাকার বার্তা দিলেন।

Advertisement
আরও পড়ুন