Asha Bhosle demise

আশা ভোসলে বলেছিলেন, ‘লতাদিদি সূর্যের মতো, এক জনই হন’

তাঁর ছবি ‘বেগমজান’-এ গান গেয়েছিলেন আশা ভোসলে। রেকর্ডিং স্টুডিয়োয় গায়িকার সঙ্গে দীর্ঘ আড্ডা হয়েছিল। সেই অভিজ্ঞতা ভাগ করলেন সৃজিত মুখোপাধ্যায়।

Advertisement
সৃজিত মুখোপাধ্যায়
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৯:১৫
আশা ভোসলেকে নিয়ে সৃজিতের স্মৃতিচারণ!

আশা ভোসলেকে নিয়ে সৃজিতের স্মৃতিচারণ! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শৈশব থেকেই বাড়িতে আশা ভোসলে ও লতা মঙ্গেশকরের গান বাড়িতে বাজতে শুনেছি। দাদু ও বাবার মধ্যে দুই শিল্পীকে নিয়ে ভয়ঙ্কর মতবিরোধ হত। দাদু ছিলেন লতা-পন্থী আর বাবা ছিলেন আশা-পন্থী। আমার ছোটবেলা থেকেই আশা ভোসলের কণ্ঠের প্রতি বিশেষ দুর্বলতা ছিল। পরবর্তীকালে ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হবে, তা জানতাম না।

Advertisement

‘বেগমজান’ ছবিতে ‘প্রেম মে তোহরে’ গানটি গাইতে রাজি হয়েছিলেন। যশরাজ স্টুডিয়োয় গানটির রেকর্ডিং করেছিলাম। ওঁর সঙ্গে সেই দিন দীর্ঘ আড্ডা হয়েছিল। গানের রেকর্ডিং-এর আগে ও পরে প্রায় চার ঘণ্টা ধরে ওঁর সঙ্গে গল্প করেছিলাম। কত ঘটনা বলেছিলেন শচীন দেববর্মন, রাহুল দেববর্মন ও ওপি নায়ারকে নিয়ে। আমি কিছু কথা রেকর্ডও করে রেখেছিলাম। আগে গান রেকর্ড করার কী প্রযুক্তি ব্যবহার করা হত, সেই দিন ওঁর সেই অভিজ্ঞতা শুনিয়েছিলেন। আশাজি সেই দিন সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের প্রশংসা করেছিলেন।

লতা, না কি আশা— এই তর্ক নিয়েও সেই দিন তিনি কথা বলেছিলেন। আশাজি বলেছিলেন, “লতা-আশা নিয়ে লোকে ঝগড়াঝাঁটি করেন। কিন্তু লতাদিদি সূর্যের মতো। এক জনই হন। আমরাও গান গেয়েছি। কিন্তু লতাদিদি সবার চেয়ে আলাদা।” তবে আমি বরাবরই আশা ভোসলের বেশি ভক্ত।

আশা ভোসলে শুধু এক জন মানুষ নন। বহু দশকের স্মৃতির ভাঁড়ার। ওঁর প্রেমের গান, বিরহের গান, ক্যাবারে গান— বলে শেষ করা যাবে না। ‘উমরাও জান’, ‘ইজ়াজ়ত’-সহ কত ছবির গানের কথা আজ মনে পড়ছে। ওঁর গাওয়া সেরা ১০টি গান বেছে নিতে আমি অপারগ। কারণ, তালিকাটা অনেক দীর্ঘ। হয়তো সেরা ৫০ বা ১০০টি গানে গিয়ে ঠেকবে সেই তালিকা।

যাঁদের গানে আমরা সমৃদ্ধ হয়েছি, তাঁদের মধ্যে আর এক নক্ষত্র চলে গেলেন। একটা অধ্যায়ের ইতি হল। মন তো খারাপ বটেই!

(সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখিত)

Advertisement
আরও পড়ুন