প্রিয়ঙ্কা ও অক্ষয়কে নিয়ে মুখ খুললেন পরিচালক। ছবি: সংগৃহীত।
একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারের। তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রিয়ঙ্কা চোপড়া। ‘আন্দাজ়’, ‘অ্যায়তরাজ়’, ‘ওয়াক্ত’-সহ বহু বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। অক্ষয় ও প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন নিয়ে সম্প্রতি মুখ খুললেন পরিচালক সুনীল দর্শন।
‘বরসাত’ ছবি সময় থেকে মূল সমস্যা তৈরি হয়। ২০০৫ সালের এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা, বিপাশা বসু ও ববি দেওল। পরিচালক ছিলেন সুনীল। কিন্তু প্রথমে নায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিল অক্ষয় কুমারের। ছবির অর্ধেক ও একটি গোটা গানের শুটিং পর্যন্ত হয়ে গিয়েছিল।
কিন্তু প্রিয়ঙ্কার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রভাব পড়তে থাকে অক্ষয়ের ব্যক্তিগত জীবনে। সেই সময়ে পরিচালকের কাছে অনুরোধ নিয়ে আসেন খিলাড়ি কুমার। শুটিং অনেকটা হয়ে যাওয়ার পরে তিনি ছবি থেকে বেরিয়ে যেতে চান। সম্পর্কের গুঞ্জন এতটাই ছড়িয়ে পড়ে যে, টুইঙ্কল খন্নাও বিরক্ত হতে শুরু করেন। ফলে বাধ্য হয়ে ছবি থেকে বেরিয়ে যান অক্ষয়। সেই জায়গায় নতুন করে শুটিং শুরু করেন ববি দেওল।
সুনীলকে প্রশ্ন করা হয়, এই গুঞ্জনের দায় কার নেওয়া উচিত ছিল? পরিচালকের মতে, বিবাহিত হওয়ায় এখানে অক্ষয়েরই দায় নেওয়া উচিত ছিল। প্রিয়ঙ্কাকে তিনি দোষ দেন না। তাই ‘বরসাত’ ছবি থেকে অক্ষয়কে চলে যেতে দিয়েছিলেন এবং প্রিয়ঙ্কার সঙ্গে কাজ চালিয়ে গিয়েছিলেন। এর পর থেকে প্রিয়ঙ্কা ও অক্ষয় আর একসঙ্গে জুটি বাঁধেননি। তাঁদের জুটি মানুষের পছন্দ ছিল একসময়। আজও তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়।