তব্বুর জীবনে ইরফানের প্রভাব। ছবি: সংগৃহীত।
বলিউডের অন্যতম আলোচিত জুটি তব্বু ও ইরফান খান। ‘নেমসেক’ ছবিতে অশোক ও অসীমার চরিত্র কিংবা ‘মকবুল’-এ নিম্মি ও মকবুলের রসায়ন খুব পছন্দ করেছে দর্শক। খুব বেশি ছবি করেননি দু’জনে একসঙ্গে। কিন্তু অল্প কাজেই ছাপ রেখে গিয়েছেন এই জুটি। এখনও ইদে প্রয়াত ইরফান খানের ছেলেকে নাকি উপহার পাঠান তব্বু।
সূত্রের খবর, এই ইদে ইরফানের ছেলে বাবিলের জন্য সাদা পাঞ্জাবি পাঠিয়েছেন তব্বু। বাবিল ও তাঁর ভাই বাবার জন্মস্থান জয়পুরে কাটিয়েছেন। সাদা পাঞ্জাবি পরে ছবিও দিয়েছেন বাবিল। সেটা উপহার পাওয়া কি না তা খোলসা করেননি। জানা গিয়েছে, ইরফানের সঙ্গে তব্বুর একটা গভীর সম্পর্ক ছিল। সেই উষ্ণতাই যেন বাবিলের কাছে পৌঁছে দিয়েছেন তব্বু।
ইরফান চলে যাওয়ার বছর দুয়েক বাদে এক সাক্ষাৎকারে তব্বু বলেছিলেন, ‘‘ইরফানের মতো অভিনেতার সঙ্গে কাজ করার পরে আমরা কেরিয়ার নতুন অর্থ খুঁজে পেয়েছিল। ওঁর সঙ্গে কাজ করার পরে আমি অনেক বদলে গিয়েছি। আমি আমার চরিত্র এবং নিজের প্রতি সম্পূর্ণ সৎ থাকতে শিখেছি এবং সেটা আমার কাজে ফুটিয়ে তুলতে পেরেছি। পর্দায় ইরফানের সঙ্গে আমি যে রসায়ন ভাগ করে নিয়েছি, আমি জানি না যে আমি অন্য কারও সঙ্গে তা ভাগ করে নিতে পারব কি না বা আদৌ পেরেছি কি না।”
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের শেষে, ২০২০ সালের ২৯ এপ্রিল, কোভিডের সময় ইরফান খান মারা গিয়েছিলেন।