Vishal Bhardwaj on O Romeo Movie

‘বুঝেছি, আমার সব ছবিতেই প্রতিশোধ বার বার এসেছে’! শাহিদের ‘ও রোমিয়ো’ মুক্তির আগে অকপট বিশাল ভরদ্বাজ

দীর্ঘ পোস্টে বিশাল জানান, এই ছবির মাধ্যমে নিজের জীবনের দুটি শক্তির সঙ্গে আরও গভীর ভাবে পরিচিত হয়েছেন তিনি — ভালবাসা আর হিংস্রতা। এই ছবিকে ভালবাসা আর হিংসার মিলিত বহিঃপ্রকাশ হিসাবে দেখেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩
নতুন ছবি নিয়ে কী বললেন বিশাল?

নতুন ছবি নিয়ে কী বললেন বিশাল? ছবি: সংগৃহীত।

প্রেমের সপ্তাহে বড়পর্দায় প্রতিশোধের আগুন জ্বালাতে এসেছেন শাহিদ কপূর। নেপথ্যের কারিগর পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘ও রোমিয়ো’ মুক্তির আগে আবেগঘন পরিচালক। তাঁর অনুভূতি, অভিজ্ঞতা ও আবেগ নিয়ে সমাজমাধ্যমে লিখলেন খোলা চিঠি। এই ছবি তৈরি করে তিনি গর্বিত, নিজেই জানিয়েছেন বিশাল। স্বাভাবিক ভাবেই সেই পোস্ট সিনেমাপ্রেমীদের মন কেড়েছে।

Advertisement

দীর্ঘ পোস্টে বিশাল জানান, এই ছবির মাধ্যমে নিজের জীবনের দুটি শক্তির সঙ্গে আরও গভীর ভাবে পরিচিত হয়েছেন তিনি — ভালবাসা আর হিংস্রতা। এই ছবিকে ভালবাসা আর হিংসার মিলিত বহিঃপ্রকাশ হিসাবে দেখেছেন তিনি। বিশাল লিখেছেন, “এই ছবির মাধ্যমে আমি উপলব্ধি করেছি, আমি কতটা ভালোবাসা ও হিংসা একসঙ্গে ধারণ করতে পারি।” নিজের দীর্ঘ কর্মজীবনে তৈরি ছবিগুলির কথা মনে করে তিনি বুঝেছেন, প্রত্যেক ক্ষেত্রেই প্রতিশোধ বার বার ফিরে এসেছে। কিছু ক্ষেত্রে, সেটাই মূল উপজীব্য, যা তিনি সচেতন ভাবে করেননি। ষাটোর্ধ্ব বিশাল অবশ্য সেই থিমের গভীরে পৌঁছোতে পেরেছেন বলে মনে করছেন।

বিশাল আরও বলেছেন, সমাজে ঘৃণা, হিংসা ও অন্যায় এত বেশি যে তিনি প্রায়ই তার মোকাবিলা করতে অক্ষম বোধ করেন। তাতে তিনি ব্যথিত। সেই দমবন্ধকর অনুভূতির প্রকাশ ঘটেছে এই ছবিতে এবং তাঁর নায়ক অনেকটা সেই চরিত্রেরই প্রতিফলন। তবে এই হিংসার বিপরীতে রয়েছে একই পরিমাণ শক্তিশালী ভালবাসা। প্রসঙ্গত, ছবির মুক্তির আগে নিজের টিমের সদস্যদের নাম করে ধন্যবাদ জানিয়েছেন।

‘ও রোমিয়ো’ ছবিতে শাহিদ ছাড়াও তৃপ্তি ডিমরী, নানা পটেকর ও দিশা পটানীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

Advertisement
আরও পড়ুন