Rahul Arunoday Banerjee death

রাহুলকে কেন্দ্র করে বিতর্ক জারি, অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্ত কত দূর এগোল?

রাহুল অরুণোদয়কে নিয়ে ‘বিতর্ক’ চলছে, চলবে। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্তও কি সমান তালে এগোচ্ছে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২০:১৪
রাহুলের তদন্ত নিয়ে কী বলছেন পায়েল, জীতু, শান্তিলাল ও তথাগত?

রাহুলের তদন্ত নিয়ে কী বলছেন পায়েল, জীতু, শান্তিলাল ও তথাগত? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেন ‘মরিয়া প্রমাণ করিলেন তিনি মরেন নাই’! মৃত্যুর পরে কেউ এত ‘জীবন্ত’ হয়ে উঠতে পারেন? হয়তো দিন দুয়েকের বিরতি। ফের তাঁকে নিয়ে আলোচনা, বিতর্ক।

Advertisement

তাঁর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে চিন্তা ক’জনের? ২৯ মার্চ শুট করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান তিনি। মৃত্যুর পরমুহূর্ত থেকেই কথার পিঠে কথার জাল বোনা শুরু। জন্ম নিয়েছে বহু প্রশ্ন, যার সদুত্তর এখনও মেলেনি।

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতার রিজেন্ট পার্ক থানায় এবং তালসারি থানায়। তালসারি থানা সমনও পাঠিয়েছে ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থাকে। তাদেরই ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে অস্বাভাবিক মৃত্যু রাহুলের।

রাহুলকে নিয়ে ফের নতুন বিতর্ক জন্ম নিয়েছে। প্রয়াত অভিনেতার মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছিলেন তাঁর সতীর্থরা। সে দিন অভিনব প্রতিবাদ অভিনেতা জীতু কমলের। তিনি রাহুলের পাশাপাশি নিজের ছবিতে মালা পরিয়ে জানান, মৃত্যুর পরে তাঁর কথাও হয়তো শোনা হবে। ঘটনার বেশ কিছু দিন পরে অভিনেত্রী পায়েল দে নজর করেছিলেন। রাহুলের ছবি এখন একা একা গাছতলায় পড়ে! তিনি সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিতেই ফের বিতর্ক।

সেই সঙ্গে আরও একটি প্রশ্ন জন্ম দিয়েছে। রাহুল অরুণোদয়কে নিয়ে ‘বিতর্ক’ চলছে, চলবে। অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর তদন্তও কি সমান তালে এগোচ্ছে? দেখতে দেখতে এক মাস ছুঁইছুঁই। তদন্ত কতদূর এগোল?

খবর জানতে আনন্দবাজার ডট কম কথা বলেছিল পায়েল, আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় এবং রাহুলের প্ৰিয় বন্ধু তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে। পায়েল সাফ বলেছেন, ‘‘এ বিষয়ে সংগঠনের বড়রা বলতে পারবেন। আমার চোখে যেটা খারাপ লেগেছে সেটাই বলেছি। আমার আর কিচ্ছু বলার নেই।’’ তথাগত ব্যথিত তাঁর বন্ধুকে ‘মঞ্চ’ হিসাবে ‘ব্যবহার’ করা হচ্ছে দেখে। তদন্ত সম্পর্কে তাঁর ধারণা, ‘‘গোটা বাংলা রাহুলের রহস্যমৃত্যুর কিনারা চায়। কিন্তু সেই তদন্ত তো সাধারণ মানুষকে জানানো হবে না। আমার বিশ্বাস তদন্ত এগোচ্ছে তার মতো করে। নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই যবনিকা উঠবে।’’

প্রায় একই কথা বলেছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল। তাঁর কথায়, ‘‘আমরা অভিযোগ দায়ের করেছি মানেই তদন্তকারী অফিসারেরা আমাদের সব বলবেন, এটা হয় না। একই ভাবে আমরাও জিজ্ঞাসা করতে পারি না।’’ তাঁর মতে, বিষয়টি ফোরামের নির্দিষ্ট আইনজীবীরা দেখছেন। সত্যের জয় হবেই।

Advertisement
আরও পড়ুন