Exercise for Anxiety

অফিস থেকে ফিরে শরীর ক্লান্ত, কমছে না দুশ্চিন্তা-উদ্বেগ! মন স্থির করতে অভ্যাস করুন তিন আসন

দুশ্চিন্তা, উদ্বেগ কাটাতে ওষুধ নয়, যোগাসনেই ভরসা রাখছেন গবেষকেরা। কোন কোন আসন অভ্যাস করলে মন স্থির হবে, মনঃসংযোগ বাড়বে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৮:০৪
De-Stress after Work, these Easy Yoga Poses to Calm Anxiety and Fatigue After a Long Day

উদ্বেগ-দুশ্চিন্তা কমাতে কী কী যোগাসন অভ্যাস করবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

দিনভর পরিশ্রমের পরে বাড়ি ফিরেও দুশ্চিন্তা যায় না। অফিসে কাজের চাপ, উদ্বেগ মনকে ঘিরে রাখে। এই মনখারাপের মেঘ কাটাবে যোগাসন। যোগব্যায়ামেই অবসাদ ঘোচানোর পথ খুঁজে পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গবেষকেরা। উদ্বেগ, বিষণ্ণতা যদি মনকে গ্রাস করে, তা হলে ওষুধ নয়, কাজে আসতে পারে যোগাসনের কয়েকটি পদ্ধতি। মন যখন সবসময়েই বিষণ্ণ থাকে, ছোটখাটো সব বিষয়েই উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ে, তখন তা থেকে হয় ‘অ্যাংজ়াইটি ডিজ়অর্ডার’।এর থেকে পরিত্রাণের উপায় হিসাবে যোগব্যায়ামকেই আদর্শ বলে মনে করেছেন গবেষকেরা।

Advertisement

বিপরীত করণী বা লেগ-আপ ওয়াল পোজ়

চিত হয়ে শুয়ে দু’পা একত্রে সোজা করে মাটি থেকে উপরে তুলতে চেষ্টা করুন। হাতে ভর দিয়ে কোমর ধীরে ধীরে উপর দিকে তুলতে চেষ্টা করুন। শরীরের ভঙ্গি অনেকটা সর্বাঙ্গাসনের মতো হবে। তবে দুই পা ৯০ ডিগ্রিতে না রেখে সামান্য হেলিয়ে রাখতে হবে। শুরুতে দেওয়ালে ভর দিয়ে আসনটি অভ্যাস করতে পারেন, সে ক্ষেত্রে কোমর থেকে পা উপর দিকে তুলে দেওয়ালে রাখতে হবে।

পরিবর্ত সুখাসন

ম্যাটের উপর সোজা হয়ে পা মুড়ে বসুন। অর্থাৎ, সুখাসনের ভঙ্গিতে বসুন। পিঠ টানটান থাকবে। এ বার ডান হাত পিছন দিকে মাটিতে রাখুন। বাঁ হাত রাখুন ডান হাঁটুর কাছে। এই অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে কোমর বেঁকিয়ে ডান দিকে ঘুরুন। শরীর ঝোঁকালে হবে না।এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিন ও কিছু সময় সেই ভঙ্গিতে থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

যষ্টি আসন

প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন। তার পর দু’টি হাত সোজা করে মাথার দু’পাশে তুলে রাখুন। এ বার মাথার উপর দিয়ে দু’টি হাত টান টান করে ধরে রাখুন। পায়ের পাতাও টান টান করে ভিতর দিকে টেনে রাখুন। এই অবস্থায় থাকুন অন্তত মিনিট দুয়েক।

Advertisement
আরও পড়ুন