Rrotein-Rich Chilla

প্রাতরাশে ‘বিশেষ’ চিলা খেয়েই কমতে পারে ওজন! রোগা হওয়ার জন্য কী ভাবে বানাবেন সেই পদ, রইল হদিস

সম্প্রতি ফিটনেসপ্রভাবী আরতি শর্মা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন, প্রোটিনে ভরপুর প্রাতরাশ খেয়ে তাঁর প্রায় ১৭ কেজি ওজন কমেছে। খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, প্রোটিনে ভরপুর এমন একটি চিলার রেসিপি ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:১১
How to make protein-rich chilla for your weight loss diet

কোন চিলা খেয়ে কমতে পারে ওজন? ছবি: সংগৃহীত।

সুস্থ থেকে ওজন কমাতে হলে সারা দিনের খাবারে প্রোটিন জাতীয় খাবার বেশি করে রাখা জরুরি। আর সেই পন্থা কার্যকরীও বটে। পেশির গঠনের প্রধান উপাদান প্রোটিন। শরীর পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশির গঠন ভাল হওয়া সম্ভব নয়। তবে ওজন কমানোর জন্য এটি জরুরি দু’টি কারণে। প্রথমত, প্রোটিন খেলে শরীরের ক্যালোরি ঝরানোর ক্ষমতা বা ‘থার্মিক এফেক্ট’ বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, প্রোটিন হজম হতে বেশি শক্তি লাগে এবং পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখে। তাই ওজন ঝরানোর ক্ষেত্রে এটি সহায়ক।

Advertisement

কিন্তু প্রোটিনের রুটিন শুরু করার আগে আরও একটি বিষয় জানা দরকার। আর তা হল— প্রোটিন কখন খেলে উপকার বেশি? কী ভাবেই বা খাওয়া উচিত? এমনিতে প্রোটিন খাওয়ার কোনও একটি নির্দিষ্ট সময় নেই যে, অমুক সময়ে খেলেই ম্যাজিকের মতো বাড়তি মেদ ঝরে যাবে! তবে পুষ্টিবিজ্ঞান বলছে, ওজন কমানো এবং পেশির গঠন বজায় রাখার জন্য প্রোটিনে ভরপুর প্রাতরাশ করা একান্ত জরুরি।

ওজন ঝরানোর জন্য দিনের প্রথম খাবারে প্রোটিন থাকা সবচেয়ে বেশি জরুরি। কারণ, এতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। এ ছাড়া তখন কম পরিমাণে নিঃসৃত হয় খিদে পাওয়ানোর হরমোন ঘ্রেলিন। ফলে, সারা দিন অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

সম্প্রতি ফিটনেসপ্রভাবী আরতি শর্মা সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন, প্রোটিনে ভরপুর প্রাতরাশ খেয়ে তাঁর প্রায় ১৭ কেজি ওজন কমেছে। খুব কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, প্রোটিনে ভরপুর এমন একটি চিলার রেসিপি ভাগ করে নিয়েছেন তিনি।

৫০ গ্রাম সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে। এ বার সেই মিশ্রণের মধ্যে ১০০ গ্রাম গ্রেট করা পনির, ২০ গ্রাম বেসন, ক্যাপসিকামকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি, নুন, গোলমরিচ আর সামান্য জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার ননস্টিক তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে বানিয়ে রাখা মিশ্রণ ঢেলে ছোট ছোট চিলা বানিয়ে নিন। ভাল করে এ পিঠ-ও পিঠ সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে উচ্চ প্রোটিন সম্পন্ন একটি প্রাতরাশ।

নেটপ্রভাবী ভিডিয়োতে বলেছেন, এই চিলা খেলে শরীরে প্রায় ৪৬০ ক্যালোরি আর ৫৫ গ্রাম প্রোটিন পৌঁছোবে। আরতি বলেন, “প্রাতরাশে আপনি অনায়াসেই তিনটি চিলা খেতে পারেন। প্রতিটি চিলা থেকে ১৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এগুলি এতটাই সুস্বাদু যে, আপনি রোজই তা খেতে পারেন। আপনার খাবারকে সহজ ও প্রোটিন-সমৃদ্ধ রাখুন—আর নিজেই দেখুন কী ভাবে ওজন কমে যাচ্ছে।”


Advertisement
আরও পড়ুন