Yoga Benefits

ডেস্কে বসে কাজে কাঁধ-হাতে ব্যথা, মাউস ধরে টনটন করে কব্জি, যন্ত্রণা কমবে ঊর্ধ্ব হস্তাসন অভ্যাসে

একটানা বসে ল্যাপটপ বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে ঘাড় ও পিঠে ব্যথা হয়। তা ছাড়া কাজের চাপে চিন্তা ও উদ্বেগও বাড়ে। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তা হলে ডেস্কে বসেই করে নিতে পারেন সহজ কিছু ব্যায়াম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০৯:২৯
What are the health benefits of Urdhva Hastasana

হাত, কাঁধের ব্যথা কমাতে অভ্যাস করতে পারেন ঊর্ধ্ব হস্তাসন। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

অফিসে কম্পিউটারের সামনে দীর্ঘ ক্ষণ বসে কাজ। তার পর হাতে মোবাইল ধরে রেখে লম্বা সময় ঘাঁটাঘাঁটি তো আছেই। ঘরের কাজও কম নয়। সব মিলিয়ে কাঁধে অসহ্য ব্যথা। ঘাড় ও হাতের যন্ত্রণা নিয়েও নাজেহাল অনেকে। দীর্ঘ সময় মাউস ধরে রাখার কারণে কব্জিতে ব্যথাও হয়। আবার যাঁরা একটানা ঘণ্টা দুয়েকের বেশি বসে থাকেন, তাঁদের ঘাড় ও পিঠের পেশিতে চাপ পড়ে বেশি। ফলে সেখানেও ব্যথা হতে থাকে যা পরবর্তীতে স্পন্ডিলাইটিসের মতো সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই চেয়ারে বসেই কিছু সহজ যোগাসন করে নিতে পারেন। হাত, কাঁধ ও ঘাড়ের ব্যথা যদি ভোগায়, তা হলে চেয়ারে বসে অভ্যাস করতে পারেন ঊর্ধ্ব হস্তাসন।

Advertisement

কী ভাবে করবেন?

১) চেয়ারে পা ঝুলিয়ে সোজা হয়ে বসুন। পিঠ টানটান থাকবে। মাথা সোজা থাকবে।

২) ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত দু’দিকে ছড়িয়ে দিন।

৩) ১০ সেকেন্ড সে ভাবে রেখে হাত দু’টি ধীরে ধীরে উপরে তুলুন। ওই ভঙ্গিতে আরও ২০ সেকেন্ড থাকতে হবে।

৪) এ বার শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে নিন।

৫) অভ্যাস শেষে চোখ বন্ধ করে আরামদায়ক ভাবে বসে ধীরে ধীরে শ্বাসপ্রশ্বাস নিন।

৬) ৫-৭টি সেটে আসনটি অভ্যাস করতে হবে। অফিসের ডেস্কে বসেও করতে পারেন।

উপকারিতা:

হাতের পেশির ব্যায়াম হবে, ব্য়থা কমবে।

ঘাড় ও কাঁধের ব্যথা কমবে, স্পন্ডিলাইটিসের ব্যথা সারাতেও আসনটি অভ্যাস করতে পারেন।

নিয়মিত অভ্যাস করলে কব্জির ব্যথাও কমে যাবে।

ফ্রোজ়েন শোল্ডারের সমস্যাতেও আসনটি করলে উপকার হবে।

উদ্বেগ কমবে, মনঃসংযোগ বাড়বে।

কারা করবেন না?

হাতে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসকের পরামর্শ না নিয়ে আসনটি করা যাবে না।

Advertisement
আরও পড়ুন