Banana Benefits

খালি পেটে রোজ একটি করে কলা খেলে কী কী পরিবর্তন আসতে পারে শরীরে? কারা খাবেন না?

কাজের গতি সচল রাখতে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সকালের খাবার বাদ দিলে চলবে না। দিনের শুরুটা করা যেতেই পারে কলা দিয়ে। ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ভিটামিন বি-র মতো একাধিক গুণে সমৃদ্ধ এই ফল শরীরের যত্ন নেয়। জেনে নিন, সকালে উঠে কলা খেলে কী কী লাভ হয় শরীরের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৬:১৬
খালি পেটে কলা খাওয়া কতটা স্বাস্থ্যকর?

খালি পেটে কলা খাওয়া কতটা স্বাস্থ্যকর? ছবি: এআই।

সারা দিন শরীরের হালচাল কেমন থাকবে, তা নির্ভর করে সকালে কী খাবার খাচ্ছেন তার উপর। পুষ্টিবিদদের মতে, চা-কফি দিয়ে দিন শুরু না করে এমন কিছু খেতে হবে যা খেলে সারা দিন শরীরে একটা চনমনে ভাব থাকে। ভিতর থেকে সুস্থ থাকে শরীর। কাজের গতি সচল রাখতে এবং শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সকালের খাবার বাদ দিলে চলবে না। দিনের শুরুটা করা যেতেই পারে কলা দিয়ে। ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬, ভিটামিন বি-র মতো একাধিক গুণে সমৃদ্ধ এই ফল শরীরের যত্ন নেয়। জেনে নিন, সকালে উঠে কলা খেলে কী কী লাভ হয় শরীরের।

Advertisement

১) অনেকেই দিনের শুরুটা করেন চা কিংবা কফি দিয়ে। সকাল ১১ টা বাজতে না বাজতেই তাঁদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, অ্যাসিডিটির সমস্যাও শুরু হয়। এই সমস্যা কমাতে কাজে আসতে পারে মাত্র একটি কলা। প্রাপ্তবয়স্কদের সাধারণত ২৫-৪০ গ্রাম ফাইবারের প্রয়োজন হয় প্রতি দিন। অনেকের শরীরেই সেই ঘাটতি পূরণ হয় না। অথচ একটা কলা খেলে প্রায় ৩ গ্রাম ফাইবার শরীরে প্রবেশ করে। এতে দ্রবণীয় ফাইবার পেকটিনও থাকে। এই ফাইবার মল নরম করতে এবং পেটে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। হজমেও সাহায্য করে।

২) কলা শুধু হজমে সহায়ক নয়। এতে ৩৫০-৪০০ গ্রাম পটাশিয়ামও থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মতে প্রতি দিন ৩৫০ গ্রাম পটাশিয়াম শরীরে গেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, স্ট্রোকের ঝুঁকিও কমায়।

৩) ফাইবারের পাশাপাশি কলায় প্রাকৃতিক শর্করা থাকে ভরপুর মাত্রায়। ফলে রক্তে গ্লুকোজ়ের নিঃসরণ ধীর গতিতে হয়। তাই রক্তে শর্করার মাত্রা এক লাফে বাড়ে না, ধীরে ধীরে বাড়ে। শরীরে শক্তির জোগান চলতে থাকে অনেক ক্ষণ ধরে।

৪) নিয়ম করে কলা খাওয়া স্নায়ুতন্ত্রের জন্যও বেশ উপকারী। এতে থাকে ভিটামিন বি৬, যা সেরোটোনিনের মতো নিউরো ট্রান্সমিটারের উৎপাদন বাড়িয়ে দেয়।

অনেকেই খালি পেটে কলা খেতে ভয় পান। কিন্তু কোনও রকম শারীরিক সমস্যা না থাকলে খালি পেটে কলা খাওয়া যেতেই পারে। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে কলার সঙ্গে কয়েকটি ভেজানো কাঠবাদাম খেয়ে নিলে আর কোনও সমস্যা হবে না। ডায়াবেটিক হলে কিংবা কিডনির সমস্যা থাকলে রোজ কলা না খাওয়াই ভাল।

Advertisement
আরও পড়ুন