মেক্সিকোর ফুটবল সমর্থক। ছবি: এক্স।
দলের জন্য রাস্তায় নেমে পড়লেন মেক্সিকোর সমর্থকেরা। বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ অন্যতম আয়োজক দেশের প্রতিপক্ষ ইকুয়েডর। প্রিয় দলকে নকআউট ম্যাচে বাড়তি সুবিধা দিতে মেক্সিকোর সমর্থকেরা ইকুয়েডরের ফুটবলারদের বিশ্রামে ব্যাঘাত ঘটালেন।
মেক্সিকো সিটির যে হোটেলে ইকুয়েডর দল রয়েছে, তার বাইরে সোমবার রাতে ভিড় করেছিলেন মেক্সিকোর কয়েকশো সমর্থক। চিৎকার চেঁচামেচি শুরু করেন তাঁরা। কেউ ড্রাম বাজিয়েছেন। কেউ নাগাড়ে গাড়ির হর্ন। বক্স নিয়ে গিয়ে উচ্চগ্রামে গান বাজিয়েছেন অনেকে। উদ্দেশ্য একটাই। ইকুয়েডরের ফুটবলারদের রাতের ঘুম নষ্ট করা। পর্যাপ্ত বিশ্রামের অভাবে যাতে ফুটবলারদের শরীর ম্যাচের জন্য প্রস্তুত হতে না পারে। খেলার ভাষায় ইকুয়েডর দলের ‘রিকভারি টাইম’ কমিয়ে দেওয়ার চেষ্টা করেছেন মেক্সিকোর সমর্থকেরা।
ইকুয়েডরের টিম হোটেলের বাইরে কয়েক হাজার মেক্সিকো সমর্থকের তাণ্ডবের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাঁদের উৎপাতে ইকুয়েডরের ফুটবলারেরা যথেষ্ট বিরক্তও হয়েছেন। কয়েক জন ঘরের জানালার পর্দা সরিয়ে দেখেছেন, কী চলছে রাস্তায়। তাতেই বোঝা গিয়েছে প্রতিপক্ষ দলের রাতের ঘুম নষ্ট করার লক্ষ্যে সফল মেক্সিকোর সমর্থকেরা।
দলের পাশে থাকার এই পদ্ধতি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। মেক্সিকোর সমর্থকদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসাবে মেক্সিকোর ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছেন ফুটবলপ্রেমীদের একাংশ।