PM Narendra Modi

মোদীর নজরে জীবনযাত্রার মান এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশের উন্নতি, সেবাতীর্থে বৈঠক সচিবদের সঙ্গে

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সময় বিভিন্ন সচিবেরা উল্লিখিত দু’টি প্রধান বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের মন্ত্রক ও তার অধীনস্ত বিভাগগুলির গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির রূপরেখা তুলে ধরেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ২২:৪১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তার সেবাতীর্থে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করলেন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কয়েকটি বিষয়কে কেন্দ্র করে সীমাবদ্ধ ছিল আলোচনা। শাসনব্যবস্থার সংস্কার, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের জীবনযাত্রার মান ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশের আরও উন্নতি সাধনের পাশাপাশি আত্মনির্ভরতা প্রচার ছিল এই তালিকায়।

Advertisement

প্রকাশিত খবরে দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সময় বিভিন্ন সচিবেরা উল্লিখিত দু’টি প্রধান বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের মন্ত্রক ও তার অধীনস্ত বিভাগগুলির গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির রূপরেখা তুলে ধরেন। তাঁরা প্রধানমন্ত্রীর দিশানির্দেশকে বাস্তবায়িত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি, বিভিন্ন সরকারি পদক্ষেপ রূপায়ণের পথে সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সুশাসন ও পরিষেবার মান আরও উন্নত করার জন্য ভবিষ্যৎ-কৌশলের রূপরেখাও উপস্থাপন করেন।

সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন সরকারি প্রকল্প আমজনতার জীবনে কী বাস্তব ও দৃশ্যত প্রভাব ফেলছে, তার উপর বিশেষ ভাবে গুরুত্ব দিতে বার্তা দেন সচিবদের। আন্তঃবিভাগীয় সমন্বয় এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পিএম গতিশক্তির আরও বেশি ব্যবহারের উপর জোর দেন তিনি। সেই সঙ্গে মন্ত্রক ভিত্তিক সংকীর্ণতা পুরোপুরি দূর করার কথাও বলেন। সংসদের বাদল অধিবেশনের আগেই প্রধানমন্ত্রী মোদী মন্ত্রিসভার রদবদল করতে পারেন বলে জল্পনা রয়েছে। সেই আবহে সচিবদের সঙ্গে আয়োজিত এই বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারমূলক উদ্যোগগুলির একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি রূপায়ণের বার্তাও দেন।

Advertisement
আরও পড়ুন