ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
সৌরজগতের প্রতিটি গ্রহই নিজেদের কক্ষপথে অবিরাম ঘুরে চলেছে। ভ্রমণকালে তারা যেমন রাশি বা নক্ষত্র বদলায়, তেমনই নিজেদের গতিও বদলায়। কখনও তারা বক্রগতিতে চলে, কখনও আবার মার্গী হয়। বর্তমানে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে। ২০২৫-এর শেষ দিকে সে মিথুনে বক্রগতি প্রাপ্ত হয়েছিল। মার্চের ১১ তারিখ বৃহস্পতি বক্রগতি ছেড়ে মার্গী হয়েছে। বৃহস্পতি বক্রী হওয়ার ফলে বেশ কিছু রাশির ব্যক্তিদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাঁদের নানা ক্ষেত্রে কাজ আটকে গিয়েছিল, আয়ের ক্ষেত্রেও ব্যাঘাত দেখা দিয়েছিল। বৃহস্পতি মার্গী হওয়ার ফলে সে সকল সমস্যা থেকে তাঁরা মুক্তি পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়াও আরও নানা দিক থেকে উন্নতি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।
বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কোন রাশির ব্যক্তিরা সুফল লাভ করবেন?
মেষ: পেশাক্ষেত্রে মেষ জাতক-জাতিকারা খুব ভাল ফল লাভ করতে চলেছেন। মনোমতো কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্চের শেষ দিক বা এপ্রিলের শুরুর সময়কাল আপনাদের খুব ভাল কাটবে বলে মনে করা হচ্ছে। নতুন চাকরির সুযোগ যদি না-ও পান, পুরনো কর্মক্ষেত্রে এমন কোনও দায়িত্ব পেতে পারেন যা আপনাকে পেশাজীবনে এগিয়ে যেতে সাহায্য করবে।
মিথুন: মিথুন রাশিতে মার্গী হচ্ছে বৃহস্পতি। সেই কারণে এই রাশির জাতক-জাতিকারা খানিক বেশিই ভাল ফল পাবেন। আপনাদের আটকে থাকা সমস্ত টাকা এ বার ধীরে ধীরে পেয়ে যাবেন। আয়ের নতুন উৎসের সন্ধান পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মন চাইলে এই সময় দীর্ঘমেয়াদি কোনও খাতে বিনিয়োগ করে দেখতে পারেন। দারুণ মুনাফা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
সিংহ: পেশাগত সম্পর্ক হোক বা ব্যক্তিগত সম্পর্ক, বৃহস্পতি মার্গী হওয়ার প্রভাবে সিংহ জাতক-জাতিকারা উভয় ক্ষেত্র উন্নত করতে পারবেন। আপনাদের বাচনক্ষমতা আগের তুলনায় ক্ষুরধার হবে। এর ফলে সম্পর্কে সৌহার্দ্য বৃদ্ধি পাবে। মনে কী চলছে তা অপরের সামনে সহজেই প্রকাশ করতে পারবেন। কাজকে অগ্রগতির পথে চালনা করতে কোনও অসুবিধা হবে না।
কন্যা: কন্যা রাশির ব্যক্তিদের যাপনে সুপরিবর্তন দেখা যাবে। মেজাজ ভাল থাকবে, কাজে গতি আসবে। যে কোনও কাজ কন্যা জাতক-জাতিকারা নিখুঁত ভাবে করতে সক্ষম হবেন। এর ফলে সন্তুষ্টি আসবে। মনের মধ্যে চলতে থাকা অস্থিরতার কবল থেকে রেহাই মিলবে। যে সকল প্রকল্পের কাজ আটকে ছিল, সেগুলিও এ বার শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে।
ধনু: বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হন ধনু জাতক-জাতিকারা। সেই কারণে বৃহস্পতির মার্গী হওয়া এঁদের জীবনে নানা সুপরিবর্তন নিয়ে এসেছে। ধনু জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও কাজ আপনারা সাহসের সঙ্গে করতে পারবেন। নিজেকে অপরের সামনে আগের তুলনায় ভাল করে প্রকাশ করতে পারবেন। আটকে থাকা সমস্ত কাজ ধীরে ধীরে মিটে যাবে। জীবন উন্নতির পথে বাঁক নেবে।