Iran-US Tension

আমেরিকা-ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনা হবে, জানাল কেন্দ্র

ইরান, ইজ়রায়েল এবং আমেরিকার সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই পরিস্থিতিতে সেখানকার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তুত কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:০৪
Centre prepared to bring back Indians stranded in West Asia: Union Minister Pralhad Joshi

আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর প্রতিবাদে রাষ্ট্রপুঞ্জ দফতর চত্বরে বিক্ষোভকারীদের আগুন লাগিয়ে দেওয়ার পর ধোঁয়ায় ঢেকে যায়। ছবি: পিটিআই।

যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তুত কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। ইরান, ইজ়রায়েল এবং আমেরিকার সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এ হেন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী সরকার।

Advertisement

মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে সামরিক উত্তেজনা। ওই অঞ্চলে বিমান পরিষেবা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন উড়ান সংস্থা। কিছু দেশে আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহু ভারতীয় পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে পড়েছেন। তাঁদের কী ভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে।

প্রহ্লাদ জানান, পশ্চিম এশিয়ায় আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের ভারতীয় মিশনগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সরকারের তরফে। কী ভাবে সেই সব দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ঊর্ধ্বতন আধিকারিকেরা আলোচনা করছেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।

সোমবার প্রহ্লাদ এক বিবৃতি জারি করে মোদী সরকারের পরিকল্পনার কথা জানান। তাঁর দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে যখনই ভারতীয়েরা কোনও বিপদের সম্মুখীন হন, তখনই তাঁদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার।

সোমবারই কর্নাটক সরকারের তরফে এক পরিসংখ্যান দিয়ে দাবি করা হয়, তাদের রাজ্যের ১০০ জনেরও বেশি পশ্চিম এশিয়ায় আটকে রয়েছে। সেই বিষয় নিয়ে প্রহ্লাদ জানান, কর্নাটকবাসীর আটকে পড়া সম্পর্কে ভারত সরকার অবগত। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আলোচনা হয়েছে। উদ্বিগ্ন পরিবারের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর বার্তা, ‘‘আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকার সব ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’’

বিদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার বিষয়ে রবিবারই একপ্রস্ত আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদীও। তিনি বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি। ভারত চায় আলোচনা এবং কূটনৈতিক পথে সকল সমস্যার সমাধান হোক।” তার পরেই কেন্দ্রীয় মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা জানালেন।

Advertisement
আরও পড়ুন