Andhra Pradesh Incident

ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনের মৃত্যু অন্ধ্রে! ঘরের মধ্যে বাইকের ইঞ্জিন চালুর কারণেই বিপত্তি?

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরের পুঙ্গানুরে। ওই এলাকার থেগারাজু স্ট্রিটের এক বাড়িতে বাইক থেকে ‘দুর্ঘটনাটি’ ঘটে। কী ভাবে একই পরিবারের চার জনের মৃত্যু হয়, তা নিয়ে প্রথমে ধন্দ দেখা দেয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৬:৪২
Four member of family died in Andhra Pradesh

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঘরের মধ্যে সারা রাত বাইকের ইঞ্জিন চালিয়ে রেখেছিলেন এক যুবক। তার পরেই সবাই ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন ঘুমের মধ্যেই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ইঞ্জিন চালু থাকায় বাইক থেকে নির্গত গ্যাসের কারণে মৃত্যু হয়েছে চার জনের।

Advertisement

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরের পুঙ্গানুরে। ওই এলাকার থেগারাজু স্ট্রিটের এক বাড়িতে বাইক থেকে ‘দুর্ঘটনাটি’ ঘটে। জানা গিয়েছে, ওই বাড়ির এক সদস্য মুরলীর বাইকে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। তিনি স্থানীয় এক দোকানে সমস্যার কথা জানান। মেকামিক মেরামত করার পর মুরলীকে জানান, সারারাত ইঞ্জিন চালু রাখতে হবে।

মেকানিকের কথা মতো মুরলী তাঁর বাইক ঘরের মধ্যে রেখে ইঞ্জিন চালু করে রাখেন। ওই ঘরেই রাতে ঘুমোতে যান মুরলীর বাবা রামচন্দ্রাইয়া এবং তিন সন্তান। মুরলী এবং তাঁর স্ত্রী ঘুমোন বাইরের বারান্দায়। সকালে উঠে মুরলী দেখেন ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে রয়েছে চার জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

কী ভাবে একই পরিবারের চার জনের মৃত্যু হয়, তা নিয়ে প্রথমে ধন্দ দেখা দেয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে প্রাথমিক অনুমান, বাইকের ইঞ্জিন চালু থাকায় ঘরে কার্বন মনোক্সাইডে ভরে যায়। এই গ্যাস বর্ণহীন এবং গন্ধহীন হওয়ায় কেউ বুঝতে পারেননি। ঘুমন্ত অবস্থায় ওই গ্যাস চার জনের শরীরে প্রবেশ করে। আর তাতেই মৃত্যু।

Advertisement
আরও পড়ুন