Sugar free dessert recipes

ওজন কমাতে চিনি খাওয়া ছেড়েছেন, ডায়েট চলাকালীন মিষ্টি খেতে ইচ্ছে হলে বানিয়ে নিন কয়েকটি বিশেষ পদ্ধতিতে

সুগারের জন্য বেশি চিনি বা মধু মেশানো মিষ্টি খেতে পারেন না অনেকেই। সে ক্ষেত্রে মিষ্টি খেতে মন চাইলে, বাড়িতেই চিনি বা মধু ছাড়া বানিয়ে নিন স্বাস্থ্যকর কিছু মিষ্টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৮:৩০
চিনি ছাড়াই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কিছু মিষ্টি।

চিনি ছাড়াই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কিছু মিষ্টি। ছবি: ফ্রিপিক।

সুগার ধরা পড়ার পরেই হয়েছে যত গোলমাল। মিষ্টি খেতে যতই ভালবাসুন, মুখে দেওয়াই যায় না। চিনি জীবন থেকে বাদই দিয়ে দিতে হয়। মিষ্টি হোক বা মিষ্টি জাতীয় যে কোনও খাবার, ছেঁটে না ফেললেই সুগার বেড়ে যাবে চড়চড় করে। আবার যাঁরা ওজন কমানোর ডায়েট করছেন, তাঁরা চিনি খাওয়া ছাড়লেও মঝেমধ্যে এক-আধটা মিষ্টি খেতে ইচ্ছে করেই। সে ক্ষেত্রে চিনি ছাড়া ঘরে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর কিছু মিষ্টি।

Advertisement

বেসন নারকেলের বরফি

প্যানে এক চামচ ঘি গরম করে তাতে এক কাপের মতো বেসন মেশান। বেসন সোনালি হওয়া অবধি ভাজুন। এ বার তাতে আধ কাপের মতো নারকেল কোরা, গুড় ও দুধ মেশান। মিশ্রণটি ভাল ভাবে নাড়তে থাকুন। ঘন হয়ে আসা অবধি কম আঁচে নাড়তে হবে। এ বার একটি ঘি মাখানো থালায় মিশ্রণটি ঢেলে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। উপরে কাজু ও পেস্তা ছড়িয়ে দিন। তার পর ঠান্ডা হলে বরফির মতো আকারে কেটে নিন।

ওট্‌সের ক্ষীর

ওট্স শুকনো খোলায় মিনিট পাঁচেক ভেজে নিন। এর সঙ্গে দুধ মিশিয়ে দু’টি ছোট এলাচ থেঁতো করে দিন। দুধ ও ওট্‌স ঘন করে জ্বাল দিয়ে তাতে খেজুর, কাঠবাদাম কুচি, কিশমিশ মিশিয়ে দিন। মিশ্রণটি ঘন হলে উপরে ছোট ছোট করে কাটা কলা ছড়িয়ে পরিবেশন করুন।

কাঠবাদামের লাড্ডু

কাঠবাদাম শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিন। একটি পাত্রে এক চামচ ঘি গরম করে তাতে গুড় ঢেলে দিন। গুড় গলে গেলে গ্যাস বন্ধ করে দিন। একটি বড় বাটিতে বাদাম গুঁড়ো, গলানো গুড়, এলাচ গুঁড়ো ও চাইলে ড্রাই ফ্রুটস মিশিয়ে নিন। মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থায়, হাতে একটু ঘি নিয়ে ছোট ছোট লাড্ডুর মতো গড়ে নিন।

Advertisement
আরও পড়ুন