বর্ষার জলে শখের বারান্দা যাতে নষ্ট না হয়, সে জন্য কোন প্রস্তুতি প্রয়োজন? ছবি:সংগৃহীত।
ফ্ল্যাটের একফালি বারান্দাটি বড় শখের। সেখানে গেলেই একটু খোলা আকাশের সন্ধান মেলে। তবে শখের বারান্দার সাজসজ্জা নষ্ট হতে পারে পুরোদমে বর্ষা এলেই। খাতায়-কলমে বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে। এটাই সঠিক সময় খোলা বারান্দাটি গুছিয়ে নেওয়ার। কোন কোন বিষয়ে নজরে রাখা প্রয়োজন?
পাইপ পরিষ্কার: প্রবল বৃষ্টিতে খোলা বারান্দা জলে ভিজে যায়। তাই জল বেরোনোর পাইপটি পরিষ্কার না থাকলে মুশকিল। জল বেরোতে না পারলে বারান্দা জলমগ্ন হয়ে থাকবে। পাইপে অনেক সময়ে ময়লা জমে যায়। কখনও আবার পাইপ ফেটে যায়, যেটা চট করে বোঝা যায় না। তাই বর্ষা আসার আগে পাইপে জল ঢেলে দেখে নিন।
গাছপালা: বারান্দায় অনেকেই বাগান করেন। গাছে জল দেওয়ার সময়ে টব থেকে জল বেরিয়ে বারান্দার মেঝে কাদায় ভরে থাকে। আবার গাছের পাতাও ঝরে পড়ে অনেক সময়ে। সেই সব পরিষ্কার করে নিন। বৃ্ষ্টির জলে শুকনো মাটি শুকিয়ে কাদা হয়ে গেলে পড়ে যাওয়ার ভয় বাড়বে। গাছের ঝরে পড়া পাতা জলে ভেসে নিকাশি পাইপের মুখ আটকে দিতে পারে।
কুশন: বারান্দায় অনেকেই সোফা, কুশন সাজিয়ে রাখেন। বর্ষায় কুশন ভিজে গেলে, সেটি নষ্ট হয়ে যেতে পারে। এই মরসুমে কুশন, গদি সরিয়ে ফেলুন। সোফা যদি জলনিরোধী না হয় তা হলে কভার দিয়ে সেগুলি ঢেকে ফেলুন যাতে জল না লাগে।
বারান্দার সুরক্ষা: ক্রমাগত জলে বারান্দার দেওয়াল, গ্রিল ভিজলে সেগুলিও নষ্ট হতে পারে। ঘরে নোনা ধরতে পারে। তাই বর্ষা আসার আগে প্লাস্টিকের পর্দা ব্যবহার করতে পারেন। এমন ভাবে সেগুলি লাগিয়ে নিন যাতে ইচ্ছামতো গুটিয়ে রাখা যায়। বারান্দায় জলনিরোধী রং করা থাকলেও দেওয়ালের ক্ষতি কম হবে।