Bottle gourd recipe

ঝক্কি নেই রান্নায়, গরমের দিনে পেট ঠান্ডা রাখতে বানিয়ে নিন বড়ি দিয়ে লাউয়ের শুক্তো

বানিয়ে ফেলুন লাউয়ের শুক্তো। পাঁচ মেশালি সব্জি দিয়ে তৈরি অনুষ্ঠান বাড়ির তেতো-মিষ্টি শুক্তোর চেয়ে এই রান্না একেবারেই আলাদা। তাই রান্নার স্বাদও অন্য রকম।

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১০:৫৯

ছবি: সংগৃহীত।

গ্রীষ্মকালীন যে সব সব্জি মেলে, লাউ তার মধ্যে অন্যতম। এই সব্জির সিংহভাগই জল। পুষ্টিগুণে ভরপুর, আবার পেটও ঠান্ডা রাখে। গরমের দিনে যতই হালকা-পাতলা খাওয়া যায়, ততই শরীর ঝরঝরে থাকে আবার রান্নার ঝক্কিও কমে। স্বাদের সঙ্গে আপস না করে, এমনই এক রান্না শিখে নিন। বানিয়ে ফেলুন লাউয়ের শুক্তো। পাঁচ মেশালি সব্জি দিয়ে তৈরি অনুষ্ঠান বাড়ির তেতো-মিষ্টি শুক্তোর চেয়ে এই রান্না একেবারেই আলাদা। তাই রান্নার স্বাদও অন্য রকম।

Advertisement

উপকরণ

একটি কচি লাউ ছোট করে করে কাটা

১ ইঞ্চি আদা

২-৩টি কাঁচালঙ্কা

২ টেবিল চামচ সাদা সর্ষে

১ টেবিল চামচ পোস্ত

১ টেবিল চামচ পাঁচফোড়ন

১ চা-চামচ জিরে

৩-৪টি শুকনোলঙ্কা

১০-১২টি বড়ি

স্বাদমতো নুন-চিনি

প্রণালী: লাউ টুকরো করে কেটে প্রেশার কুকারে অল্প নুন এবং জল দিয়ে ভাপিয়ে নিন। লাউ সেদ্ধ হওয়ার পরও যেমন অল্প জল থাকে প্রেশার কুকারে। পাঁচফোড়ন শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়িয়ে নিন। আদা, কাঁচালঙ্কা, সর্ষে, পোস্ত বেটে রাখুন। বড়ি ভেজে তুলে নিন।

কড়াইয়ে সর্ষের তেল দিন। তেল গরম হলে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। দিয়ে দিন আদা-লঙ্কা-সর্ষে বাটা। মশলা কষানো হলে জল-সহ লাউ দিয়ে রান্না করুন। ঢাকা দিয়ে ১০ মিনিট রান্নার পরে যোগ করুন নুন-চিনি। একদম শেষ ধাপে দিতে হবে ভাজা বড়ি এবং পাঁচফোড়নের গুঁড়ো। লাউয়ের শুক্তো হবে একটু ঝোল ঝোল। গরম ভাতে দারুণ লাগবে।

Advertisement
আরও পড়ুন