আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছিল, সে দেশে আইপিএলের সম্প্রচার হবে না। সেই নিষেধাজ্ঞা থেকে সরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সে দেশের নতুন সরকার। বাংলাদেশে সম্প্রচারিত হতে পারে এ বারের আইপিএল।
এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। ‘ক্রিকবাজ়’-কে আমিনুল বলেন, “এখনও এই বিষয়ে কিছু ভাবিনি। ইদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব। তার পরেই ছবিটা বুঝতে পারব। সব কিছু আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।”
আমিনুল জানিয়েছেন, ক্রীড়াক্ষেত্রে রাজনীতি নিয়ে আসতে চান না তাঁরা। তিনি বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই। কোনও সমস্যা হওয়া উচিত নয়। খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয়। আমাদের জানতে হবে কেন আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।”
এ বারের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাঁকে বাদ দেয় কেকেআর। তার পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দেয়, আইপিএলের সম্প্রচার সে দেশে হবে না। এমনকি, ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি তারা। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়।
তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর থেকে ছবিটা একটু বদলেছে। ভারতের সঙ্গে সম্পর্ক ভাল করার ইঙ্গিত দিয়েছে সরকার। সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে আইপিএলের ক্ষেত্রেও। ২৮ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। এখন দেখার, তার আগে সম্প্রচারে নিষেধাজ্ঞা বাংলাদেশ তুলে নেয় কি না।