ICC T20 World Cup 2026

অনুশীলনে বুমরাহের ইয়র্কারে গোড়ালিতে চোট ঈশানের, নামিবিয়ার বিরুদ্ধে অনিশ্চিত ভারতের আরও এক ওপেনার, বাড়ছে চিন্তা

পেটের সমস্যার কারণে এমনিতেই বৃহস্পতিবার অভিষেক শর্মার খেলা অনিশ্চিত। এ বার অপর ওপেনার ঈশান কিশনের খেলা নিয়েও জল্পনা শুরু হল। বুধবার অনুশীলনে চোট পেয়েছেন ঈশান। কী হয়েছে তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩
cricket

চোট পেয়ে মাটিতে পড়ে ঈশান কিশন। ছবি: পিটিআই।

পেটের সমস্যার কারণে এমনিতেই বৃহস্পতিবার অভিষেক শর্মার খেলা অনিশ্চিত। এ বার অপর ওপেনার ঈশান কিশনের খেলা নিয়েও জল্পনা শুরু হল। বুধবার অনুশীলনে চোট পেয়েছেন ঈশান। তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে।

Advertisement

অনুশীলনে বুমরাহের বলে ব্যাট করছিলেন ঈশান। বুমরাহকে খেলার আগে বেশ স্বচ্ছন্দেই খেলতে দেখা গিয়েছে ভারতের ওপেনারকে। মাঠের বিভিন্ন দিকে বড় বড় শট খেলেছেন। বুমরাহও নিজস্ব ছন্দে বল করছিলেন। ঈশানকে সে ভাবে শট মারার জায়গাই দিচ্ছিলেন না। হঠাৎ করে বুমরাহের একটি ইয়র্কার ধেয়ে আসে ঈশানের বাঁ পায়ের গোড়ালি লক্ষ্য করে। এতটাই জোর ছিল বলে যে পা সরাতেই পারেননি তিনি।

সঙ্গে সঙ্গে পা চেপে ধরে মাটিতে বসে পড়েন ঈশান। ছুটে আসেন ফিজিয়ো এবং চিকিৎসকেরা। ঈশানকে যন্ত্রণায় কাতরাতে দেখা গিয়েছে কিছু ক্ষণ। প্রাথমিক চিকিৎসার পর উঠে দাঁড়ান ঈশান। আবার অনুশীলন শুরু করেন। তবে পাঁচ মিনিট পর আর ব্যাট করতে পারেননি। সাজঘরে ফিরে যান। ফলে নামিবিয়া ম্যাচের আগে তাঁর ব্যথা কমবে কি না তা নিয়ে সন্দেহ থাকছেই।

প্রসঙ্গত, বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক। এ দিন তিলক বর্মা বলেছেন, “আমরা দিল্লিতে পৌঁছনোর পর তিলকের পরীক্ষা করা হয়। হাসপাতালে নিয়ে গিয়ে আরও পরীক্ষা করানো হয়েছে। মনে হয় হাসপাতাল থেকে ও আজই ছাড়া পেয়ে গিয়েছে। এখন ভালই আছে। এখনও ম্যাচের একটা দিন বাকি। ও কেমন আছে সেটা দেখে ম্যাচের দিন সকালেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বুমরাহও সুস্থ হয়ে গিয়েছেন। তবে অভিষেকের মতোই তাঁরও খেলা নিশ্চিত নয়। তিলক বলেছেন, “কালকের ম্যাচের জন্য তৈরি বুমরাহ। কিন্তু দলের কম্বিনেশন ভাবার জন্য হাতে এখনও সময় রয়েছে।” অভিষেক খেলতে না পারলে ওপেন করবেন সঞ্জু স্যামসন। বুমরাহ খেললে বসতে হবে মহম্মদ সিরাজকে। কিন্তু ঈশান খেলতে না পারলে তাঁর জায়গা কে খেলবেন তা নিশ্চিত নয়। নতুন করে ভাবতে হবে ভারতীয় দলকে।

Advertisement
আরও পড়ুন