IPL 2026

‘শরীর আর দিচ্ছে না!’ গোটা আইপিএলে না খেলে অবসরের ইঙ্গিত ধোনির, পাশাপাশি ফেরার সম্ভাবনাও জিইয়ে রাখলেন মাহি

তিনি কি সামনের মরসুমে খেলবেন, সে বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু বললেন না মহেন্দ্র সিংহ ধোনি। অবসর নিয়ে এখনও ধোঁয়াশা জিইয়ে রাখলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:৪৬
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

এ বার ১৩টি ম্যাচের একটিও খেলেননি। চেন্নাই সুপার কিংসের শেষ গ্রুপ ম্যাচেও তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও অবসর নিয়ে এখনও ঝেড়ে কাশলেন না মহেন্দ্র সিংহ ধোনি। এখনও রইল ধোঁয়াশা। অবসরের ইঙ্গিত দিলেও পাশাপাশি ফেরার সম্ভাবনাও জিইয়ে রাখলেন মাহি।

Advertisement

সোমবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলল চেন্নাই। দলে না থাকলেও ইনিংসের বিরতিতে মাঠে আসেন ধোনি। সতীর্থদের সঙ্গে ছবি তোলেন। পরে খেলাশেষে মাঠে দর্শকদের অভিবাদন দেওয়ার সময়ও ধোনিকে দেখা যায়। ধোনিকে দেখে চিৎকার করছিলেন সমর্থকেরা। হাত নেড়ে তাঁদের ধন্যবাদ জানাচ্ছিলেন ধোনি।

সেই সময়ই তাঁর কাছে ছুটে যান আইপিএলে ধোনির প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। এখন ধারাভাষ্যকার তিনি। ধোনির সঙ্গে তাঁর কী কথা হয়েছে, তা পরবর্তী কালে সম্প্রচারকারী চ্যানেলে জানান রায়না। শুরুতে শুনে মনে হবে অবসরের ইঙ্গিত দিয়েছেন ধোনি। রায়না বলেন, “মাহি ভাইকে বললাম, এই মরসুমটা তো মিস্‌‌ড কল দিলে। তাই এটা ধরা হবে না। পরের বার ফিরতে হবে।” শুনে মাহি ভাই বলল, “না ভাই। শরীর আর দিচ্ছে না।” সেটা শুনে আমি বললাম, “তোমার কথা বিশ্বাস করছি না। পরের পার খেলতেই হবে। সিদ্ধান্ত মাহি ভাই নেবে। কিন্তু আমার মনে হল, ও খেলবে। তাতে দলেরই ভাল হবে।”

পরেই রায়না আরও একটি কথা বলেন, যা শুনে মনে হয়েছে, পরের বার আবার ফিরতেও পারেন ধোনি। রায়না বলেন, “আমি মাহি ভাইকে বললাম, সমর্থকেরাও চান তুমি ফেরো।” তা শুনে ও বলল, “‘ঠিক আছে দেখছি।’ আমি জানি, মাহি ভাই দেখছি বলা মানেই খেলার সম্ভাবনা আছে। একটু সুযোগ থাকলেও খেলবে। এই আশা আমরা রাখতেই পারি।”

ধোনি আইপিএল থেকে কবে অবসর নেবেন, সেই প্রশ্ন গত তিন-চার বছর ধরে চলছে। প্রতি বার মনে হয় এ বারই শেষ। কিন্তু মরসুম শেষে ধোনি জানান, শরীরের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। আইপিএলের আগে দেখা যায়, চেন্নাইয়ের শিবিরে অনুশীলন করছেন তিনি। কিন্তু এ বার চোটের কারণে গোটা মরসুম খেলেননি তিনি। ফলে পরের বার তাঁর খেলার সম্ভাবনা কম। অবসর নিলেও যে তিনি চেন্নাই ছাড়বেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন দলকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক। জানিয়ে দিয়েছেন, হলুদ জার্সিধারীদের দলেই অন্য কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement
আরও পড়ুন