Viral Video

জিম করবেটে যমজ সন্তানের জন্ম দিল হস্তিনী! প্রকাশ্যে ত্রয়ীর ভিডিয়ো, কেন তাতে অবাক হচ্ছেন বিশেষজ্ঞেরা?

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, যমজ শাবক দু’টি তাদের মায়ের সঙ্গে হাঁটছে এবং খেলাচ্ছলে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মা হাতিও সাবধানে তাদের জঙ্গলের মধ্যে দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:৩৮
Video surfaces of Elephant who gives birth to twin babies in Jim Corbett National Park, experts calling it uncommon

যমজ সন্তানকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হস্তিনী। ছবি: এক্স থেকে নেওয়া।

যমজ শাবকদের নিয়ে জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে একটি বুনো হাতি। উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে বন কর্মকর্তারা তেমনই এক দৃশ্য প্রত্যক্ষ করেছেন, যা খুব কম বন্যপ্রাণী বিশেষজ্ঞই দেখার সুযোগ পান। গত ৯ মে বিজ্রানি জ়োনের জাডপাহাড় এলাকায় বন কর্মকর্তারা হাতিটিকে তাঁর সদ্যোজাত যমজ শাবকদের সঙ্গে দেখতে পান। কয়েক দিন পর ১২ এবং ১৩ মে বন বিভাগের দলগুলি গারজিয়া পর্যটন অঞ্চলে আবারও ওই ত্রয়ীকে দেখতে পায়। তবে জিম করবেটে হাতির যমজ শাবকের জন্ম দেওয়ার ঘটনাকে অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। যমজ দুই শাবকের সঙ্গে বুনো হাতির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, যমজ শাবক দু’টি তাদের মায়ের সঙ্গে হাঁটছে এবং খেলাচ্ছলে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মা হাতিও সাবধানে তাদের জঙ্গলের মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদসংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার আনন্দ প্রকাশ করেছেন অনেকে।

কিন্তু কেন হস্তিনীর যমজ শাবক প্রসবকে অসাধারণ ঘটনা হিসাবে দেখছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা? বিশেষজ্ঞদের একাংশ ব্যাখ্যা করেছেন, হাতির মধ্যে যমজ শাবকের জন্ম অত্যন্ত বিরল। স্ত্রী হাতিরা সাধারণত প্রায় ২২ মাস গর্ভধারণের পর একটি মাত্র শাবকের জন্ম দেয়। তাই দু’টি শাবকেরই সুস্থ থাকা এবং বেঁচে থাকা বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের একাংশ এ-ও দাবি করেছেন, বন্যপ্রাণী সংরক্ষণের দৃষ্টিকোণ থেকেও এই দৃশ্যটি উৎসাহব্যঞ্জক। কারণ, বন্য পরিবেশে যমজ শাবক লালন-পালন করা বেশ কঠিন হতে পারে, যে হেতু মায়ের উপর পুষ্টি ও সুরক্ষার বিপুল চাহিদা এসে পড়ে।

আইএফএস কর্তা হিমাংশু ত্যাগী জানিয়েছেন, হাতির ক্ষেত্রে যমজ শাবকের জন্মের হার এক শতাংশেরও কম। তিনি উল্লেখ করেছেন, জন্মের সময় একটি হাতির বাচ্চার ওজন সাধারণত ৭০ থেকে ১২০ কিলোগ্রামের মধ্যে থাকে, ফলে একই সঙ্গে দু’টি বাচ্চাকে বহন করা মা হাতির জন্য বিপাকীয় ভাবে বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে।

Advertisement
আরও পড়ুন