ICC T20 World Cup 2026

১১ নয়, এক জনের কাছেই হেরে গেলাম! কার কাছে হারল পাকিস্তান, ম্যাচ শেষে বললেন কোচ হেসন

ভারতের কাছে ৬১ রানে হেরেছে পাকিস্তান। ভারতের এই জয়ের কৃতিত্ব গোটা দল নয়, বরং এক জনকেই দিচ্ছেন পাকিস্তানের কোচ মাইক হেসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০
cricket

সলমন আঘা (বাঁ দিকে) ও উসমান খানের সঙ্গে পাকিস্তানের কোচ মাইক হেসন (ডান দিকে)। ছবি: পিটিআই।

কলম্বোর মাঠে ভারতের কাছে ৬১ রানে হারের পর অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে পাকিস্তানকে নিয়ে। কেন টস জিতে বল করার সিদ্ধান্ত নিল তারা? কেন রহস্যময় স্পিনার উসমান তারিককে শুরুতে বল করানো হল না? এই সব সিদ্ধান্তকে হারের কারণ হিসাবে দেখতে নারাজ পাকিস্তানের কোচ মাইক হেসন। ভারতের এই জয়ের কৃতিত্ব গোটা দল নয়, বরং এক জনকেই দিচ্ছেন তিনি।

Advertisement

খেলা শেষে সাংবাদিক বৈঠকে ভারতের ঈশান কিশনের কথা হেসনের মুখে। তাঁর মতে, ঈশানই তাঁদের হারিয়ে দিলেন। তিনি বলেন, “ঈশান যে ভাবে খেলল, তাতে খেলা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। পিচ থেকে আমরা যা সাহায্য পেয়েছি তার ২৫ শতাংশ পেয়েছে ভারত। ওদের বাকি ব্যাটারদের লড়াই করতে হয়েছে। কিন্তু ঈশান অন্য রকম ক্রিকেট খেলেছে।”

আইপিএলে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ থাকাকালীন ঈশানের খেলা দেখেছেন হেসন। কিন্তু এ বারের বিশ্বকাপে তিনি আরও ভয়ঙ্কর ক্রিকেট খেলছেন বলে মনে করেন পাক কোচ। হেসন বলেন, “ও ভয়ডরহীন ক্রিকেট খেলছে। উইকেটের দু’দিকে রান করছে। তাই ওকে বল করা কঠিন হয়ে পড়ছে। ও লেগ সাইডে যেমন মারতে পারে, তেমনই রিভার্স শটও খেলতে পারে। বিশেষ করে পাওয়ার প্লে-তে ওকে বল করা কঠিন। আমাদের স্পিনারদের ছন্দ ও নষ্ট করে দিয়েছে। ও ছাড়া বাকিরা কিন্তু বলে বলে রান করেছে। কিন্তু ঈশানের ওই ইনিংসই আমাদের হারিয়ে দিয়েছে।”

শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে চলতি বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে চারটি ম্যাচেই প্রথমে ব্যাট করা দল জিতেছে। তা হলে কি বল করার সিদ্ধান্ত ভুল ছিল? হেসন বলেন, “দেখুন, প্রথম ইনিংস বল যা ঘুরেছে, দ্বিতীয় ইনিংসে তার অর্ধেকও ঘোরেনি। তাই প্রথমে বল করার সিদ্ধান্ত ভুল ছিল না। বিশেষ করে আমাদের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। পরের দিকে পিচ মন্থর হয়নি। পাশাপাশি ঘূর্ণিও কমে গিয়েছিল। কিন্তু আমরা ভাল খেলতে পারিনি। ঈশান যা খেলেছে তার ধারেকাছেও আমাদের কেউ যেতে পারেনি।”

১৭৬ রান তাড়া করতে নেমে প্রথম দু’ওভারেই ৩ উইকেট হারায় পাকিস্তান। সেখানেই কি খেলার ফয়সালা হয়ে গিয়েছিল? হেসন বলেন, “এই ধরনের ম্যাচে তো চাপ থাকবেই। এখন প্রশ্ন, চাপের মধ্যে কি আপনি নিজের স্বাভাবিক খেলা খেলবেন। না কি আক্রমণাত্মক খেলার চেষ্টা করবেন? এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা কঠিন। আমরা পাল্টা আক্রমণের রাস্তায় গিয়েছিলাম। কিন্তু খারাপ শট খেলে আউট হয়েছি। নিজেদের উপর নিজেরাই চাপ বাড়িয়েছি। সেখান থেকে আর ফিরতে পারিনি।”

হেসনের মতে, দলের ব্যাটারেরা একটু বুদ্ধি করে খেললে খেলার ফল অন্য রকম হতে পারত। তিনি বলেন, “লক্ষ্য খুব বেশি ছিল না। আমরা যদি আরও একটু সময় নিতাম তা হলে ভাল হত। এক-দুটো জুটি হলে আমরা লড়াইয়ে থাকতাম। শেষ দিকে উইকেট হাতে থাকলে রানের গতি বাড়ানো যেত। কিন্তু পাওয়ার প্লে-র মধ্যেই আমরা খেলা থেকে বেরিয়ে গেলাম।”

Advertisement
আরও পড়ুন