ভোজ়িনহা। ছবি: রয়টার্স।
কাবো ভার্দের গোলরক্ষক ভোজ়িনহার কোনও ক্লাব নেই। বিশ্বকাপে স্পেনকে আটকে নজর কাড়া গোলরক্ষকের ইচ্ছা একটি বিশেষ দেশে ক্লাব ফুটবল খেলার। বিশ্বকাপের মাঝেই এক সাক্ষাৎকারে মনের কথা জানিয়েছেন তিনি।
বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ডেপোর্টিভো চাভেসে খেলতেন ভোজ়িনহা। সেই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে। ক্লাবহীন অবস্থায় খেলতে এসেছেন বিশ্বকাপে। ভোজ়িনহার বয়স এখন ৪০। বিশ্বকাপে নজর কাড়লেও নতুন করে ক্লাব পাওয়া নিয়ে সংশয় রয়েছে তাঁর। তবু মনের ইচ্ছা গোপন করেননি তিনি।
ব্রাজ়িলের সাংবাদিক ড্যানিয়েল ব্রাউনকে দেওয়া সাক্ষাৎকারে ভোজ়িনহা বলেছেন, ‘‘পর্তুগালের চাভেসের সঙ্গে আমার চুক্তি শেষ। এই মুহূর্তে আমার কোনও ক্লাব নেই। সব সম্ভাবনা খোলা রেখে এগোতে চাই। দেখা যাক কী হয়।’’
ব্রাউন জানতে চান, ব্রাজ়িলের কোনও ক্লাব প্রস্তাব দিলে কি খেলবেন? উত্তরে ভোজ়িনহা হাসতে হাসতে বলেছেন, ‘‘তবে তো বেশ ভালই হবে। দেখা যাক। যদি সুযোগ আসে, আমি নিশ্চই খেলতে যাব। সকলে আমাদের যে ভাবে সমর্থন করছেন, তার জন্য ধন্যবাদ। আমার সতীর্থদের অনেকেও ভাল ক্লাবে খেলতে আগ্রহী।’’
বিশ্বকাপে লক্ষ্য কী আপনার? ভোজ়িনহা বলেছেন, ‘‘আমার প্রথম লক্ষ্য নকআউট পর্বে জায়গা করে নেওয়া। কাবো ভার্দের সব মানুষেরই স্বপ্ন এটা। বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়াটাই আমাদের জন্য বড় ব্যাপার। দ্বিতীয় রাউন্ডে পৌঁছোতে পারলে সেটা অসাধারণ ব্যাপার হবে।’’