FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপ জিতলেই ৬ কোটি টাকা খরচ করে বিজয় মিছিল! বিশ্বকাপ শুরুর আগেই পরিকল্পনা সারা ইংল্যান্ডের

১৯৬৬ সালে শেষ বার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তার পর থেকে আর বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এ বার খরা কাটাতে মরিয়া হ্যারি কেনেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৮:৫৫
football

২০২৫ সালে ইংল্যান্ডের মহিলা ফুটবল দল ইউরো কাপ জেতার পর দেশে ফিরে উল্লাস ফুটবলারদের। ছবি: এক্স।

বিশ্বকাপ এখনও শুরুই হয়নি। কিন্তু এখন থেকেই বিশ্বচ্যাম্পিয়ন হলে কী ভাবে বিজয় মিছিল হবে সেই পরিকল্পনা সেরে ফেলেছে ইংল্যান্ড। জানা গিয়েছে, দেশ জুড়়ে উল্লাসের জন্য ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

১৯ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল। তার পর গোটা লন্ডন জুড়ে মিছিলের পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মচারীদের তাতে নিযুক্ত করা হয়েছে। সরকারের ক্রীড়া দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে ফুটবল সংস্থা এফএ-ও পুরো বিষয়টি দেখছে।

২০২৫ সালে ইংল্যান্ডের মহিলা দল ইউরো কাপ জেতার পর লন্ডনে বিজয় মিছিল করা হয়েছিল। লন্ডনের রাস্তায় জড়ো হয়েছিলেন প্রায় ৬৫ হাজার সমর্থক। পুরুষদের দল বিশ্বকাপ জিতলে রাস্তায় ভিড় আরও বাড়বে। ফলে এ বার বিজয় মিছিল আরও বড় করে করার পরিকল্পনা করা হয়েছে। শুধু পরিকল্পনার জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। একটি দোতলা বাসে চাপিয়ে ফুটবলারদের গোটা লন্ডনে ঘোরানোর পরিকল্পনা করা হয়েছে।

সূত্রের খবর, পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে ৬ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ হবে। বিশ্বকাপ জিতলে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের ফুটবলারদের দেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। যাতে অন্তত এক দিন বিশ্রাম পান ফুটবলারেরা।

football

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তবে এই পরিকল্পনার সমালোচনাও হয়েছে। অনেকের মতে, এখনও বিশ্বকাপ শুরুই হয়নি। এখন থেকেই কী ভাবে এই পরিকল্পনা করা যায়। বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা দেখে তার পর পরিকল্পনা করা যেত। যদি ইংল্যান্ড ফাইনালে উঠতেই না পারে, তা হলে সব পরিকল্পনা মাঠে মারা যাবে। তাতে নাক আরও কাটবে ইংল্যান্ডের।

Advertisement
আরও পড়ুন