Lakshya Sen

টমাস কাপের সেমিফাইনালে ভারত, শক্তিশালী তাইপেইকে হারিয়ে নিশ্চিত পদক, বিশ্বের ছ’নম্বরকে হারালেন লক্ষ্য, জিতলেন আয়ুষও

টমাস কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। চিনা তাইপেইয়ের বিরুদ্ধে এই মুহূর্তে এগিয়ে ৩-০ ব্যবধানে। দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে হারালেন লক্ষ্য। জিতলেন বাকিরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ২০:১৩
sports

লক্ষ্য সেন। — ফাইল চিত্র।

টমাস কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। শক্তিশালী চিনা তাইপেইয়ের বিরুদ্ধে এই মুহূর্তে এগিয়ে ৩-০ ব্যবধানে। দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় চৌ তিয়েন চেনকে হারালেন লক্ষ্য। এর পর ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টিও জেতেন। তৃতীয় ম্যাচে আয়ুষ শেট্টি জিততে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।

Advertisement

চেনের বিরুদ্ধে ম্যাচে বেশির ভাগ সময়েই পিছিয়ে ছিলেন লক্ষ্য। শেষ পর্যন্ত তিনি জেতেন ১৮-২১, ২২-২০, ২১-১৭ পয়েন্টে। এই ম্যাচটি চলেছে এক ঘণ্টা ২৮ মিনিট। বিশ্বের চার নম্বর ডাবলস জুটি সাত্ত্বিক-চিরাগ মুখোমুখি হয়েছিলেন চিউ সিয়াং চিয়ে এবং ওয়াং চি-লিন জুটির। তাঁদের এক ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ২৩-২১, ১৯-২১, ২১-১২ পয়েন্টে হারান ভারতীয় জুটি।

সেমিফাইনালের তোলার দায়িত্ব পড়েছিল ২০ বছরের আয়ুষের উপরে। তিনি অসাধারণ খেলেন। রক্ষণ এবং আক্রমণ, দুইয়ের মিশেলে তিনি বিশ্বের আট নম্বর এবং অল ইংল্যান্ড বিজয়ী লিন চুন-ইকে হারিয়েছে ২১-১৬, ২১-১৭ পয়েন্টে।

ভারতের প্রাক্তন কোচ বিমল কুমার উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “এটা শুধু একটা জয় নয়। এমন একটা পারফরম্যান্স যা দীর্ঘ দিন মনে থেকে যাবে। বিশ্বাস, প্রস্তুতি এবং ভারতীয় ব্যাডমিন্টনের আসল শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে খেলোয়াড়েরা।

টমাস কাপে ফ্রান্স বা জাপানের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ভারত। সেমিফাইনালে ওঠায় পদকও নিশ্চিত হয়ে গিয়েছে। ২০২২ সালে ভারতের ছেলেরা এই প্রতিযোগিতা জিতেছিলেন। তার আগে ১৯৫২, ১৯৫৫ এবং ১৯৭৯ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। বিমল বলেছেন, “এই দলের গর্বিত হওয়ার কারণ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ভবিষ্যৎ যে সুরক্ষিত এই পারফরম্যান্সই তার প্রমাণ।”

Advertisement
আরও পড়ুন