Smart TV

অফারের লোভে টিভির দোকানে গেলে সাবধান! কোন কোন বিষয় জানা না থাকলে বোকাবাক্স কিনে ঠকবেন গ্রাহক?

কখনও অফারের লোভ। কখনও আবার সমাজমাধ্যমে মারকাটারি রিভিউ দেখে টিভি কিনতে ছোটেন আমজনতার একাংশ। নতুন বোকাবাক্স ঘরে আনার ক্ষেত্রে পাঁচটি বিষয় মাথায় রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকদের একাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:০১
Representative Picture

—প্রতীকী ছবি।

অফার দেখে তড়িঘড়ি কিনে ফেলেছেন নতুন টিভি। ভাবছেন, মার দিয়া কেল্লা! তা কিন্তু একেবারেই নয়। উল্টে বাস্তব হল, এর জন্য পস্তাতে হতে পারে গ্রাহককে। নতুন টিভি কেনার সময় পাঁচটি বিষয়ের উপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন গ্যাজেট বিশ্লেষকদের একাংশ। সেগুলি কী কী? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

টিভি কেনার সময় গ্রাহকের প্রথমেই চোখ যায় ৪কে শব্দটির উপর। অনেকে আবার ভাবেন এলইডি, কিউএলইডি এবং ওলেড একই বিষয়। এগুলির প্রতিটির পৃথক অর্থ এবং প্রযুক্তিগত ভাবে আলাদা আলাদা সুবিধা-অসুবিধা রয়েছে। উদাহরণ হিসাবে প্রথমেই ওলেডের কথা বলা যেতে পারে। ‘রঙের বৈপরীত্যের’ (পড়ুন কালার কন্ট্রাস্ট) নিরিখে যাকে বর্তমান সময়ের সেরা টিভি বললে অত্যুক্তি হবে না।

ওলেড টিভির পর্দায় চোখ রাখার অভিজ্ঞতা যেমন আলাদা, তেমন এর দাম অনেকটাই বেশি। আমজনতার জন্য ‘বাজেট-বান্ধব’ হল কিউএলইডি। ব্যবহারকারীদের অনেকেই বড় স্ক্রিনের টিভি কিনতে ভালবাসেন। যদিও ঘরের আকার মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, ছোট ঘরে বড় স্ক্রিনের টিভি বসালে চোখের উপর পড়তে পারে বাড়তি চাপ।

বিশ্লেষকদের কথায়, দূর থেকেই দেখতে বেশি ভাল লাগে বড় ডিসপ্লের টিভি। এ ব্যাপারে একটা মোটামুটি হিসাব দিয়েছেন তাঁরা। সেটা হল, ৮-১০ ফুট দূরত্বে বসার সুযোগ থাকলে ৫৫ ইঞ্চি টিভি কিনতে পারেন গ্রাহক। পাশাপাশি, ডিভাইসটির রিফ্রেশ রেট অবশ্যই ৬০ হার্ৎজ় হতে হবে। কেনার সময় সেটাও দেখে নিতে বলেছেন তাঁরা।

গেম খেলা বা কোনও দ্রুত চলা বিষয়বস্তু দেখার ক্ষেত্রে রিফ্রেশ রেটের হিসাব আলাদা। বিশ্লেষকদের কথায়, তখন এর অঙ্ক হতে হবে ১২০ হার্ৎজ়। পাশাপাশি, টিভির পারফরম্যান্স দুর্দান্ত হওয়ার ক্ষেত্রে প্রসেসার ভাল হওয়া জরুরি। ফলে কেনার সময় সে দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে গ্রাহককে।

টিভির প্রসেসার ভাল হলে ব্যবহারকারী সহজেই যাবতীয় ওটিটি প্ল্যাটফর্ম সেখানে স্থানান্তরিত করতে পারবেন। আগামী দিনে বাজারে আসবে আরও অত্যাধুনিক প্রযুক্তি। সে কথা মনে রেখে গুগ্‌ল বা অ্যান্ড্রয়েড টিভি কেনাই ভাল। সে ক্ষেত্রে সহজেই যাবতীয় ওটিটি প্ল্যাটফর্মের আপডেট এবং ভয়েস কন্ট্রোল পাবেন ব্যবহারকারী।

দামের দিক থেকে কিছুটা সস্তা হওয়ায় অনেকেই অনামি ব্র্যান্ডের টিভি কিনে ফেলেন। ভবিষ্যতের জন্য যা একেবারেই ভাল নয়। কারণ, অনামি ব্যান্ড্রের ক্ষেত্রে যখন-তখন বন্ধ হতে পারে অ্যাপ সাপোর্ট। সে ক্ষেত্রে পুরোপুরি অকেজো হয়ে পড়বে ড্রয়িংরুমের বোকাবাক্স। কেনার সময় টিভির সাউন্ড সিস্টেম এবং পোর্টের উপর নজর রাখাও বাঞ্ছনীয়। শব্দের ক্ষেত্রে ডলবি প্রযুক্তি ঘরেই দেবে প্রেক্ষাগৃহের স্বাদ।

টিভি কেনার পর কী কী পরিষেবা মিলবে, সেটাও জানতে হবে ব্যবহারকারীকে। এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান, ব্লুটুথ এবং ওয়াইফাই থাকলে ভাল হয়। বাড়ি থেকে সার্ভিস সেন্টারের দূরত্ব জেনে রাখা ভাল। সমাজমাধ্যমে রিভিউ দেখে বোকাবাক্স না কেনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। তাঁদের দাবি, এতে ঠকতে পারেন গ্রাহক। বদলে দোকানে গিয়ে ডেমো দেখে টিভি কিনলে লাভবান হবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন