ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বয়স কি তাহলে সত্যিই থাবা বসাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের শরীরে, না কি অতিরিক্ত কাজের চাপে বিদ্রোহ করছে শরীর? তা না হলে খেলা দেখতে বসে ঘুমে ঢুলে পড়়েন মার্কিন যুক্তরাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা ডোনাল্ড ট্রাম্প! এই নিয়ে প্রকাশ্যে দ্বিতীয় বার। প্রথম বার হোয়াইট হাউসে। দ্বিতীয় বার ন্যাশনাল বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে। সেখানকারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই জল্পনা ছড়িয়েছে বিভিন্ন মহলে। ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যাচ চলাকালীন ভিআইপি বক্সে বসে বসে ঝিমোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর চোখ বন্ধ। ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনে অনুষ্ঠিত ২০২৬ এনবিএ ফাইনালের ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময় তাঁর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার ভিডিয়োটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নিক্স দলের মালিক জেমস ডোলানের অতিথি হিসাবে সোমবারের খেলায় উপস্থিত ছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম যিনি এই ধরনের ম্যাচ দেখতে এসেছিলেন মাঠে। খেলা চলাকালীন টেলিভিশন ক্যামেরায় প্রেসিডেন্টকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যাওয়ার পর জল্পনা তুঙ্গে। ক্লান্ত হয়ে পড়েছেন না কি অসুস্থ প্রেসিডেন্ট? এই নিয়ে তরজা শুরু হয়েছে সমাজমাধ্যমে।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘হেটাররিপোর্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই কয়েক লক্ষ বার তা দেখা হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি লাইক পড়েছে তাতে। প্রচুর মানুষ মন্তব্য করেছেন। এক নেটাগরিক ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘যুদ্ধ নিয়ে বেশি চিন্তা না করে একটু ভাল করে ঘুমোন।’’ অন্যেরা তাঁকে ‘স্লিপি ডন’ বলে খোঁচা দিতে ছাড়েননি। অন্য এক জন লিখেছেন, ‘‘নিজের সমাবেশগুলি ছাড়া সব জায়গায় ঘুমোন।”