viral video

বিশ্বখ্যাত সংস্থার কফিক্যানে ইঁদুরের দেহাবশেষ! ভিডিয়ো প্রকাশ্যে এনে অভিযোগ তুললেন তরুণী, নিশ্চুপ সংস্থা

ভাইরাল সেই ভিডিয়োয় তরুণী দাবি করেছেন যে, তিনি কফির ক্যানটি খোলার সময় তার ভিতরে অস্বাভাবিক কিছুর উপস্থিতি অনুভব করেন। কৌতূহলী ও উদ্বিগ্ন হয়ে অ্যালুমিনিয়ামের ক্যানটি ফেলে না দিয়ে তা কেটে ফেলার সিদ্ধান্ত নেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৬:০৩

ছবি: সংগৃহীত।

বিশ্বখ্যাত এক খাদ্য ও পানীয় প্রস্তুতকারক সংস্থার ক্যানবন্দি কফিতে মরা ইঁদুরের দেহাবশেষ পাওয়ার অভিযোগ তুললেন এক তরুণী। ‘ডবল শট এনার্জি’ কফির একটি ক্যানের ভিতরে একটি মৃত ইঁদুর পাওয়ার দাবি করে নেটমাধ্যম সরব হয়েছেন ওই তরুণী। কফির ক্যানটি কেটে মরা প্রাণীটিকে বার করেও আনেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় তরুণী দাবি করেছেন যে, তিনি কফির ক্যানটি খোলার সময় তার ভিতর অস্বাভাবিক কিছুর উপস্থিতি অনুভব করেন। কৌতূহলী ও উদ্বিগ্ন হয়ে তিনি ক্যানটি ফেলে না দিয়ে কেটে ফেলার সিদ্ধান্ত নেন। ক্যামেরার সামনে তিনি কফির ক্যানটি কেটে ফেলেন। পাত্রটি কাটার পর, ভিতরে আটকে থাকা বস্তুটির আকার দেখে বেশ অবাক হন তরুণী। ক্যানের তরলটি ঢেলে ফেলার পর একটি ছোট কালো বস্তু পিছলে বেরিয়ে আসে। সেটি ছিল একটি মরা ইঁদুরের দেহ। সেই দৃশ্য দেখে তরুণীর পাশে থাকা লোকজনের বিবমিষা ঘটে। তরুণী সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে যান।

ভিডিয়োটি প্রথমে রেডিটে প্রকাশিত হয়েছিল। তার পর বিভিন্ন সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এক্সে সেটি ‘রাইটঅ্যাটনিউজ়’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটমাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন ও ক্যানজাত পানীয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে, বেশ কিছু ব্যবহারকারী ভিডিয়োটি সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ তরুণীর দাবির অসঙ্গতি তুলে ধরে যুক্তি দিয়েছেন যে, দীর্ঘ সময় ধরে একটি বদ্ধ ক্যানের ভিতরে থাকা ইঁদুরজাতীয় প্রাণীর শরীরে পচন ধরার সম্ভাবনাই বেশি। একাধিক নেটাগরিকের দাবি, প্রথমে ক্যানটি হাত দিয়ে খোলা হয়েছে। যা থেকে তাঁরা সন্দেহ করছেন যে মরা দেহটি হয়তো পরে এর ভিতরে রাখা হয়েছিল। ভিডিয়োটি সমাজমাধ্যমে আলোড়ন ফেললেও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement
আরও পড়ুন