ছবি: ইনস্টাগ্রাম।
বিরাট অজগরকে কোলের কাছে নিয়ে আদর করছেন। বিপজ্জনক সাপের মুখে খাচ্ছেন চুমুও! এক বধূর এ-হেন কাণ্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই এবং আলোড়ন ফেলেছে সমাজমাধ্যমে। শিউরে উঠেছেন অনেকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিশাল অজগরের সঙ্গে খেলছেন হলুদ এবং নীল রঙের সালোয়ার-কামিজ পরা এক বধূ। বিপজ্জনক সাপটির সঙ্গে রিল শুট করছেন। এর পর সাপটিকে তাঁর কোলের কাছে টেনে নেন বধূ। মুখ ধরে এ দিক-ও দিক নাড়াতে থাকেন। যেখানে সাধারণ মানুষ সাপের নাম শুনলেই ভয়ে পালিয়ে যেতে চান, সেখানে ওই বধূর মধ্যে ভয়ের লেশমাত্র নেই। এর পর সাপের মুখে চুমুও খেতে দেখা যায় ওই তরুণী বধূকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মহাজ্যোতি১১৬_লভ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ উদ্বেগ এবং বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা সাহসিকতা নয়, বোকামি। এটা কোনও ঠাট্টা-তামাশার বিষয় নয়। একটি অজগর চোখের পলকে মানুষের হাড় গুঁড়িয়ে দিতে পারে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মাত্র কয়েকটা ভিউয়ের জন্য নিজের জীবন বাজি রাখা চরম বোকামি। মনে হচ্ছে তরুণীর সঙ্গে যমরাজের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই চোখের সামনে মৃত্যুকে দেখেও তিনি হাসছেন।’’