Viral Video

‘তোমাদের ভাই খুন করেছে, ভালবাসা দিয়ো’! যুবককে ছুরি মেরে বড়াই করে ইনস্টাগ্রামে পোস্ট, তরুণের ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম কর্ণ কুমার। ‘ভিলেন_দাদ_ওক_১০৯’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে তাঁর। সেখানে তিনি নিজেকে ‘চিত্রগ্রাহক’ এবং ‘গল্পবলিয়ে’ হিসাবে বর্ণনা করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৪২
After stabbing man youth from Delhi post video on Instagram, arrested by police later

ছবি: এক্স থেকে নেওয়া।

রাজধানী দিল্লিতে চাঞ্চল্যকর ঘটনা। এক জনকে ছুরি মেরে খুন করার পর বড়াই করার জন্য ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করলেন ১৮ বছর বয়সি এক তরুণ। দোষ স্বীকার করে জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণীও করলেন গর্ব করে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম কর্ণ কুমার। ‘ভিলেন_দাদ_ওক_১০৯’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে তাঁর। সেখানে তিনি নিজেকে ‘চিত্রগ্রাহক’ এবং ‘গল্পবলিয়ে’ হিসাবে বর্ণনা করেছেন। ফলোয়ারের সংখ্যা মেরেকেটে দেড় হাজার। শনিবার সেই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন কর্ণ। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, তিনি এক জনকে খুন করেছেন এবং তার জন্য আগামী কিছু সময় তাঁকে জেলে কাটাতে হতে পারে। ভিডিয়োয় তিনি বলেন, ‘‘এখন রাত ১১টা ২২ মিনিট। তোমাদের ভাই একটি খুন করেছে এবং কয়েক দিনের জন্য জেলে যাচ্ছে। ঠিক আছে? তাই তোমরা আমাকে একটু ভালবাসা দিয়ো।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগ থানা এলাকায় তর্কাতর্কির জেরে কর্ণ এবং তাঁর সঙ্গীরা নিতেশ নামে এক যুবককে ছুরি মারেন। নিতেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। দিল্লি পুলিশ বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সূত্রে খবর পেয়ে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ওই ঘটনা ঘটার চার ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। কর্ণ তাঁর অপরাধ স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

‘কেয়া বোলতি দিল্লি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে কর্ণের ইনস্টাগ্রামে স্বীকারোক্তির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন