যুবককে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: এক্স থেকে নেওয়া।
স্ত্রী এবং খুদে সন্তানের সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন যুবক। সেখানেই পৌঁছে গেল পুলিশ। স্ত্রী-সন্তানের সামনেই টেনেহিঁচড়ে নিয়ে গেল তাঁকে। অনেক কাকুতিমিনতি এবং সন্তানের কান্নাতেও মন ভিজল না পুলিশের। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের বলে দাবি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে এবং যুবককে কেন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রেস্তরাঁয় স্ত্রী এবং খুদে পুত্রসন্তানকে নিয়ে খেতে গিয়েছিলেন এক যুবক। সেখানে পৌঁছে যায় একদল পুলিশ। টেনেহিঁচড়ে যুবককে আসন থেকে তোলেন পুলিশকর্মীরা। তার পর তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যুবক এবং রেস্তরাঁয় খেতে আসা অনেকেই পুলিশের কাছে জানতে চান যে, কেন তাঁকে আটক করা হচ্ছে। কিন্তু কোনও জবাব দেননি ওই পুলিশকর্মীরা। এর পর যুবককে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় যুবককে অনুরোধ করতে দেখা যায় যে, সন্তানের সামনে তাঁর সঙ্গে যেন দুর্ব্যবহার না করা হয়। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমার সন্তানের সামনে এ রকম করবেন না দয়া করে।’’ ওই যুবকের স্ত্রীও অনুরোধ করেন। ওই পরিস্থিতিতে কাঁদতে শুরু করে ছোট্ট বালক। তবে তাতেও চিঁড়ে ভেজেনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবক কী অপরাধ করেছে বোঝা যাচ্ছে না। তবে যা-ই করে থাকুন, সন্তানের সামনে ওই ভাবে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া উচিত হয়নি। এতে সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে।’’