Viral Video

কেন্দ্রীয় জেলে বন্দি থাকার শখ! ইচ্ছাপূরণে স্ত্রীর বুকে বন্দুক ঠেকালেন যুবক, ধরা দিলেন নিজেই, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম কোমল সিংহ। পেশায় ট্র্যাক্টরচালক কোমল আহেরিপুর এলাকায় বালি ও নুড়িপাথর পরিবহণের কাজ করেন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কোমল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৪:৫২
In viral video UP man surrenders after threatening wife in order to fulfil bizarre obsession to visit central jail

ছবি: এক্স থেকে নেওয়া।

শখ ছিল নিজেকে কেন্দ্রীয় জেলে বন্দি দেখার। সেই শখ পূরণ করতে অদ্ভুত কাণ্ড ঘটালেন যুবক। বন্দুক জোগাড় করে ভয় দেখালেন স্ত্রীকে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায়। যুবক স্বীকার করেছেন যে, শুধুমাত্র একটি কেন্দ্রীয় কারাগারের ভিতরের জীবন কেমন, তা অনুভব করার জন্যই ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি। যুবকের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম কোমল সিংহ। পেশায় ট্র্যাক্টরচালক কোমল আহেরিপুর এলাকায় বালি ও নুড়িপাথর পরিবহণের কাজ করেন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন কোমল। কেন তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন, সে প্রসঙ্গে কথা বলার সময় অদ্ভুত ওই যুক্তি দিতে দেখা গিয়েছে তাঁকে। পুলিশের সঙ্গে কথা বলার সময় কোমল জানান, এর আগে তিনি তিন বার জেলে গিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় কারাগারে কখনও যাননি। তাই কেন্দ্রীয় কারাগার ভিতর থেকে দেখতে কেমন তা নিয়ে তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন। কোমল বলেন, ‘‘আমি কেন্দ্রীয় কারাগারের জীবন কাছ থেকে দেখতে চেয়েছিলাম।’’ সেই শখ পূরণ করতেই তিনি স্ত্রীর বুকে পিস্তল তাক করেছিলেন বলে জানিয়েছেন যুবক। তাঁর স্বীকারোক্তির সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, স্ত্রীকে বন্দুক দিয়ে ভয় দেখানোর পর তিনি নিজেই পুলিশের কাছে গিয়েছিলেন। আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ— দুই-ই তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন বলেও খবর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। যুবকের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। পুরো ভিডিয়ো জুড়ে যুবককে বেশ স্বাভাবিক দেখাচ্ছিল। তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন এবং হাত নাড়াচ্ছিলেন। সেই বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে মন্তব্য করেছেন, ‘‘শুধু কেন্দ্রীয় জেলে যাওয়ার জন্য অপরাধ করাটা সিনেমার চিত্রনাট্যের মতো শোনাচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বন্দুক নিয়ে স্ত্রীকে হুমকি দেওয়া একটি গুরুতর অপরাধ। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন