Viral Video

বিদ্যুৎগতিতে চলল আঙুলে! ০.৩৯ সেকেন্ডে রুবিক্‌স কিউবের ধাঁধা সমাধান বিস্ময় বালকের, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্লোবাল_ইকো_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৪৬
Video claims Chinese kid solved Rubik’s Cube in 0.39 second

ছবি: ইনস্টাগ্রাম।

০.৩৯ সেকেন্ড। ঠিক এই সময়ে‌ই রুবিক্‌স কিউবের ধাঁধা সমাধান করে নজির গড়ল এক বালক। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি চিনের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

পৃথিবীতে প্রতিভার অভাব নেই। কিন্তু কেউ কেউ এমন সব কীর্তি স্থাপন করে যা সেরাদেরও বিস্মিত করে। তেমনই এক চিনা বালকের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। বিদ্যুৎগতিতে রুবিক্‌স কিউবের ধাঁধা সমাধান করে বিশ্বকে হতবাক করে দিয়েছে সে। ভি়ডিয়োয় দাবি করা হয়েছে, সম্প্রতি ওই বালক মাত্র ০.৩৯ সেকেন্ডে একটি ২*২ রুবিক্‌স কিউব সমাধান করে নজির গড়েছে। প্রকাশ্যে আসা ভিডিয়োতেও তেমনটাই দেখা গিয়েছে। আশ্চর্যের বিষয় হল, ভিডিয়োয় দর্শকেরা তাঁর আঙুলের নড়াচড়াও ঠিকমতো দেখতে পাননি। তার আগেই হয়ে যায় সমাধান।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্লোবাল_ইকো_’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার বালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। বালকটিকে ‘মানব যন্ত্র’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার নাম দিয়েছেন ‘সুপার কম্পিউটার’।

ভাইরাল ভিডিয়োটিতে একটি ছোট শিশুকে মঞ্চে একটি রুবিক্‌স কিউব নিয়ে বসে থাকতে দেখা যায়। টাইমার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি কিউবটিকে এত দ্রুত গতিতে ঘোরাতে থাকে যে কী ঘটল তা নিয়ে উপস্থিত সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। পরের মুহূর্তেই, কিউবটি সম্পূর্ণ সমাধান হয়ে যায় এবং সেখানে উপস্থিত লোকজন হাততালি দিতে শুরু করে। জানা গেছে, শিশুটি মাত্র ০.৩৯ সেকেন্ডে একটি ২*২ রুবিক্‌স কিউব সমাধান করে নতুন রেকর্ড গড়েছে। এত অল্প সময়ে একটি কিউব সমাধান করা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন বলে মনে করা হয়। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কোনও যে সে বালক নয়, সুপার কম্পিউটার।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘চোখের পলকে কিউবটি সমাধান করে ফেলল। মোবাইল প্রসেসরেরও এত গতি নেই। ভবিষ্যতের জিনিয়াস।’’

Advertisement
আরও পড়ুন