Viral Video

টকটকে লাল শাড়ি, চোখে সানগ্লাস! প্রভু দেবার মতো নাচ করলেন গণিতের অধ্যাপিকা, ভিডিয়ো ভাইরাল হতে প্রশংসার ঝড়

চওড়া পাড়ের টকটকে লাল শাড়ি পরে নাচ করছেন এক তরুণী। তাঁর চোখে রোদচশমা। খালি পায়ে কলেজের খোলা মাঠে ‘মুকাবলা’ গানের সঙ্গে ছন্দ মিলিয়ে নাচ করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজের খোলা মাঠে নাচ-গানের অনুষ্ঠান চলছে। পড়ুয়াদের সঙ্গে সেখানে হাজির রয়েছেন অধ্যাপক-অধ্যাপিকা এবং কলেজের কর্মীরাও। নাচের অনুষ্ঠানে ছাত্রীদের সঙ্গে টকটকে লাল শাড়ি পরে যোগ দিলেন গণিতের অধ্যাপিকা। ‘মুকাবলা’ গানের দৃশ্যে দক্ষিণী অভিনেতা এবং দক্ষ নৃত্যশিল্পী যে ভাবে নাচ করেছিলেন, সেই স্টেপ অনুকরণ করে সকলের সামনে নাচ করলেন গণিতের অধ্যাপিকা। তাঁর পারফরম্যান্স দেখে হাততালির পাশাপাশি শিসের ঝড় বয়ে গেল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘প্রিয়দর্শিনীশিবারামু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চওড়া পাড়ের টকটকে লাল শাড়ি পরে নাচ করছেন এক তরুণী। তাঁর চোখে রোদচশমা। খালি পায়ে কলেজের মাঝে খোলা মাঠে ‘মুকাবলা’ গানের সঙ্গে ছন্দ মিলিয়ে নাচ করছেন তিনি। প্রভু দেবা সেই গানের দৃশ্যে যে ভাবে নেচেছিলেন, সেই স্টেপ অবিকল অনুকরণ করে নাচ করলেন তরুণী।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি কলেজে ‘ফ্ল্যাশ মব’-এর অনুষ্ঠানে নাচ করছিলেন সেই তরুণী। কলেজের কোনও ছাত্রী নন তিনি। সেই কলেজে গণিতের অধ্যাপনা করেন সেই তরুণী। অধ্যাপিকার নাচ দেখে হাততালি এবং শিস দিয়ে ভরিয়ে দিলেন দর্শক। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে প্রশংসার ঝড় বয়ে যায়। এক নেটাগরিক এই প্রসঙ্গে যদিও মজা করে লিখেছেন, ‘‘নাচের সঙ্গে দারুণ মোকাবিলা হল গণিতের অধ্যাপিকার। এই পরীক্ষায় পুরো নম্বর পেয়েই পাশ করে গেলেন তিনি।’’

Advertisement
আরও পড়ুন