ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অধস্তনদের সঙ্গে ভিডিয়ো কলে মিটিং সারছিলেন অফিসের বস্। কেউ কেউ ক্যামেরা চালু করেছিলেন, কেউ আবার ক্যামেরা বন্ধ রেখেই মিটিংয়ে ঢুকে পড়েছিলেন। অফিসে কর্মরত এক তরুণীও ক্যামেরা বন্ধ রেখেই মিটিংয়ে সকলের মন্তব্য শুনছিলেন। কাজের গতিবিধি সম্পর্কে তরুণীর মতামত জানতে চাইলেন তাঁর বস্। বাধ্য হয়ে ক্যামেরা চালু করতে হল তরুণীকে।
কিন্তু অধস্তন তরুণীকে দেখামাত্র হকচকিয়ে গেলেন তাঁর বস্। মাথায় তোয়ালে বেঁধে সবজেটে মুখ নিয়ে মিটিংয়ে বসে পড়েছেন সেই তরুণী। সেই অবস্থায় জল পান করতে করতে খুব স্বাভাবিক ভাবেই নিজের মতামত জানালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রোজ়ি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কিম্ভূত মুখ নিয়ে, মাথায় তোয়ালে বেঁধে অফিস মিটিংয়ে উপস্থিত হয়েছেন এক তরুণী। কোনও রাখঢাক না রেখেই স্বচ্ছন্দে কথা বলে চলেছেন তিনি। আসলে, তরুণী মুখে ফেস মাস্ক মেখে রয়েছেন। ত্বকচর্চা করতে করতেই অফিসের মিটিংয়ে উপস্থিত হয়েছেন তিনি। তরুণীকে দেখে তাঁর সহকর্মীরা কোনও মতে হাসি চেপেছিলেন। তাঁর ঊর্ধ্বতনও বহু ক্ষণ চুপ করে ছিলেন। কিন্তু তরুণীর কাজ নিয়ে কথা বলা শেষ হলে তাঁর বস্ জিজ্ঞাসা করেন, ‘‘কোন ফেস প্যাক ব্যবহার করছ তুমি?’’
বসের প্রশ্ন শুনে তরুণীও বলে বসলেন, ‘‘নিমের ফেস প্যাক। আপনিও ব্যবহার করতে পারেন। খুব কার্যকরী।’’ বলে ফেলেই ফিক করে হেসে ফেললেন তরুণী। তার পর বাকি সহকর্মীরাও আর হাসি চাপতে পারলেন না। অধস্তনেরা হাসাহাসি করছেন দেখে বস্ চুপ করে রইলেন। পরে এক সহকর্মী জানালেন যে, ফেস প্যাক মেখে মিটিংয়ে উপস্থিত থাকার ফন্দি তাঁরা সকলে মিলেই এঁটেছিলেন। তাঁদের ঊর্ধ্বতন কী রকম প্রতিক্রিয়া জানান, তা দেখতেই মজা করছিলেন সকলে।
অধস্তনদের কথা শুনে তাঁদের বস্ বললেন, ‘‘আমি এক বার ভাবলাম কড়া ভাবেই বলি, ‘এই কারণেই মিটিংয়ে অনেকে ক্যামেরা বন্ধ করে রাখেন।’ তার পর নিজেকে সামলে নিলাম।’’ ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অধস্তনদের সঙ্গে বসের সম্পর্ক খুব ভাল। অন্য কেউ হলে এত ক্ষণে বকাবকি করতে শুরু করতেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘ফেস প্যাক মেখে মিটিংয়ে বসা অপেশাদার আচরণ। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতে বসা হয়নি। ঊর্ধ্বতনের স্বভাব নম্র। সে কারণে মজা করেই বিষয়টি গ্রহণ করেছেন।’’