ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দোকান থেকে হিমায়িত মুরগির মাংসের টুকরো কিনে এনে ফ্রিজের ভিতর রেখে দিয়েছিলেন তরুণ। পরিচারিকাকে নির্দেশ দিয়েছিলেন সেই কাঁচা মাংস রান্না করে দিতে। তরুণের অনুপস্থিতিতে মুরগির মাংস রান্না করে ফিরে গিয়েছিলেন পরিচারিকা। বাড়ি ফিরে এসে প্রেশার কুকারের ভিতর ঝোল থেকে মাংসের টুকরো তুলতেই চমকে গেলেন তরুণ। এ যে একদলা কাঁচা মাংস! প্লাস্টিকসুদ্ধই রান্না করে ফেলেছেন তাঁর পরিচারিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লাইফঅফদেবরানি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, প্রেশার কুকারের ভিতর হাতা দিয়ে নেড়ে মাংসের টুকরো তুলছিলেন তরুণ। তখনই হাতায় উঠে এল একদলা কাঁচা মাংস। তার চারদিক প্লাস্টিকে মোড়া। দোকান থেকে হিমায়িত মাংসের টুকরো কিনে ফ্রিজে রেখেছিলেন তরুণ। তাঁর পরিচারিকা আর প্লাস্টিকের মোড়কটি খুলে ফেলেননি।
প্লাস্টিকসুদ্ধই মুরগির মাংসের ঝোল রান্না করে দিয়েছেন। ভিডিয়ো করে তরুণ বলছেন, ‘‘আমার পরিচারিকা মনে হয় জানেন না যে, এই মাংসগুলি প্লাস্টিকের আবরণসমেত রান্না করতে হয় না।’’ তরুণের এই ভিডিয়োটি দেখে দুঃখপ্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ সারা দিন ধরে ভেবেছিলেন, রাতে মুরগির মাংস খাবেন। তাঁর সব আশায় জল ঢেলে দিলেন পরিচারিকা।’’