Viral Video

‘এ রকম শিক্ষক আমরা কেন পাইনি!’ যুবককে ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ বোঝাতে দেখে মজল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় একজন যুবককে দেখানো হয়েছে, যিনি ব্যাখ্যা করছেন কী ভাবে বাস্তব জীবনে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের কাজে ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। তাঁর শেখানোর পদ্ধতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১১:৩৫
Video of man uses machine to show Trigonometry use, Internet reacts positively

ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ বোঝাচ্ছেন যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

স্কুলে ত্রিকোণমিতি নিয়ে হিমশিম খাওয়ার কথা অনেকেরই মনে আছে। অনেকেই আবার ভাবতেন যে বাস্তব জীবনে এর ব্যবহার কোথায়! বেশির ভাগের কাছেই ত্রিকোণমিতির সূত্র কেবল পাঠ্যবই এবং পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ। এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে তেমন কোনও স্পষ্ট ধারণা এখনও অনেক মানুষের নেই। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ দেখিয়েছেন এক তরুণ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োয় মজেছেন গণিতপ্রেমীরাও। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় একজন যুবককে দেখানো হয়েছে, যিনি ব্যাখ্যা করছেন কী ভাবে বাস্তব জীবনে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের কাজে ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। তাঁর শেখানোর পদ্ধতি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। নেটাগরিকদের অনেকেই মন্তব্য করেছেন যে, স্কুলে যদি এমন ব্যাখ্যা পেতেন তা হলে খুব ভাল হত।

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক এক দল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলার সময় একটি যন্ত্র ব্যবহার করে ত্রিকোণমিতির ব্যবহারিক প্রয়োগ শেখাচ্ছেন। তিনি ত্রিকোণমিতির একটি সাধারণ সূত্র স্মরণ করেন এবং তার পর ধাপে ধাপে তা প্রয়োগ করে দেখান যে কী ভাবে এটি একটি বাস্তব সমস্যার সমাধানে সাহায্য করে। বিষয়টি ব্যাখ্যা করতে করতে সূত্রটি কাজে লাগিয়ে কী ভাবে যন্ত্রের জন্য ব্যবহৃত বাস্তব পরিমাপ এবং গণনা সম্ভব, তা-ও বোঝাতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের দাবি, যুবক বিষয়টি এমন ভাবে বুঝিয়েছেন যে, প্রযুক্তিগত জ্ঞান না থাকা কোনও ব্যক্তির কাছেও তা সহজে বোধগম্য হবে।

ত্রিকোণমিতি বোঝানোর ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘কার্তিক রেড্ডি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর যুবকের প্রশংসায় মেতেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুবকের কথা শুনে মেকানিক্যাল ওয়ার্কশপের দিনগুলির কথা মনে পড়ে গেল। তবে এত সুন্দর ভাবে সূত্র বুঝিয়ে কাজ শেখাতে আগে কাউকে দেখিনি।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ইশ! উনি যদি আমার গণিতের শিক্ষক হতেন তা হলে আমিও গণিতের ভক্ত হয়ে যেতাম।’’

Advertisement
আরও পড়ুন